৪৫ বছর পর শহীদ জিয়ার খননকৃত খালের পুন:খনন কার্যক্রমের উদ্বোধন

0
৪৫ বছর পর শহীদ জিয়ার খননকৃত খালের পুন:খনন কার্যক্রমের উদ্বোধন

কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় দীর্ঘ ৪৫ বছর পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খননকৃত স্বনির্ভর খালের পুন:খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ১১৪, পটুয়াখালী-৪ আসনের সাংসদ এবিএম মোশাররফ হোসেন এমপি । বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের বাইশাখলা গ্রামে এ খনন কাজের উদ্বোধন করেন তিঁনি।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহিদ নান্নু মুন্সি, মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেজবাহ উদ্দিন দুলাল, মিঠাগঞ্জ ইউনিয়ন বিএনপি’র সভাপতি মনিবুর রহমান খন্দকার, লালুয়া বিএনপি নেতা মো বিশ্বাস সজল প্রমুখ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকছেদুল আলম জানান, মিঠাগঞ্জ ইউনিয়নের ১ নং ওয়ার্ড স্বনির্ভর খালের স্লুইজ হতে দক্ষিণ দিকে কাওসার হাওলাদারের বাড়ি পর্যন্ত ১৪৫০ মিটার অংশে খাল খনন প্রকল্পের বরাদ্দের পরিমাণ-১,৩৪,২২,২৯০ টাকা। খালের উপরের প্রস্থ ৭০ ফিট, নিচের প্রস্থ ৪০ ফিট এবং গভীরতা ১০ ফিট। খালের দুইপাড়ে ১০ ফিট করে রাস্তা, দুই পাড়ে বৃক্ষ রোপন সহ পানি নিস্কাশনে পাইপ স্থাপন করার পরিকল্পনা রয়েছে।

মোকছেদুল আলম আরও জানান, স্বনির্ভর খালের মোট দৈর্ঘ্য ৫.৪০০ কিলোমিটার। প্রথম পর্যায়ে ১৪৫০ মিটার অংশে খাল পুন:খনন করা হচ্ছে। এতে মোট উপকারভোগীর সংখ্যা-৩২১ জন এবং জন প্রতি কাজের মজুরী ৫০০ টাকা। উল্লেখ্য, ১৯৮১ সালে জিয়াউর রহমান সাড়ে ৫ কিলোমিটারের এ খালটির খনন কাজের উদ্বোধন করেছিলেন। দীর্ঘ ৪৫ বছরে পুন:খনন না হওয়া, জলবায়ুর নেতিবাচক প্রভাব ও দখল-দূষনে খালটি ভরাট হয়ে যায়। এতে খড়া মৌসুমে অনাবাদি থাকে বালিয়াতলী ও মিঠাগঞ্জ ইউনিয়নের প্রায় ৪ হাজার একর ফসলি জমি। খালটি খনন কাজের পর পানি প্রবাহ স্বাভাবিক হলে তিন ফসলী জমি চাষ সহ ব্যাপক উপকৃত হবেন দুই ইউনিয়নের প্রায় ২০ হাজার মানুষ।