মুরইছড়া সীমান্তে গভীর রাতে পুশইন, বিজিবির হাতে আটক ১০

0
মুরইছড়া সীমান্তে গভীর রাতে পুশইন, বিজিবির হাতে আটক ১০ বাংলাদেশি

মোঃ জালাল উদ্দিনঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুরইছড়া সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশইন করা নারী ও শিশুসহ ১০ বাংলাদেশিকে স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। শুক্রবার (৮ মে) দুপুরে কুলাউড়া থানায় স্বজনদের উপস্থিতিতে তাদের হস্তান্তর করা হয়।

কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ মাতব্বর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৭ মে) দিবাগত গভীর রাতে কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ভারতীয় ত্রিপুরা রাজ্য থেকে নারী, পুরুষ ও শিশুসহ ১০ বাংলাদেশিকে পুশইন করে বিএসএফ। শুক্রবার সকালে মুরইছড়া চা-বাগান এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৪৬ ব্যাটালিয়নের স্থানীয় মুরইছড়া ক্যাম্পের একটি টহলদল তাদের আটক করে।

পরে বিজিবি ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে আটক ব্যক্তিরা জানান, তারা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। সম্প্রতি ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হওয়ার পর বিএসএফ তাদের সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠায়।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন— নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার মল্লিকপুর গ্রামের রাহুল তালুকদার (২৭), খালিয়াজুড়ী উপজেলার যোগীমারা গ্রামের যুবরাজ সরকার (৪২), সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাঙাধর গ্রামের হাবুল দাস (৪৮), তার স্ত্রী সুমিত্রা দাস (৪৪), মেয়ে অনামিকা দাস (১৭) ও ভূমি দাস (৭), ছেলে হেমন্ত দাস (১৬), হামতপুর গ্রামের গোপাল দাস (২৭), সদর উপজেলার বক্তারগাঁও গ্রামের মোঃ আল আমিন (৩৫) এবং তার স্ত্রী ফাতেমা বেগম (১৯)। বিজিবি পরবর্তীতে আটক বাংলাদেশিদের কুলাউড়া থানায় হস্তান্তর করে। থানায় আরও জিজ্ঞাসাবাদ ও পরিচয় যাচাই শেষে তাদের স্বজনদের জিম্মায় ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়দের মতে, সীমান্ত এলাকায় এ ধরনের পুশইনের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। বিষয়টি নিয়ে সীমান্ত নিরাপত্তা ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন তারা।