থানার ভেতরেই রক্তাক্ত বিএনপি নেতা, ৩ পুলিশ ক্লোজড: ওসির বিরুদ্ধে ‘বন্দুকের বাট’ দিয়ে পেটানোর অভিযোগ, ২৪ ঘণ্টার আলটিমেটাম

0
থানার ভেতরেই রক্তাক্ত বিএনপি নেতা, ৩ পুলিশ ক্লোজড: ওসির বিরুদ্ধে ‘বন্দুকের বাট’ দিয়ে পেটানোর অভিযোগ, ২৪ ঘণ্টার আলটিমেটাম

জয়নাল আবেদীনঃ রংপুর নগরীর কোতোয়ালি থানার ভেতরেই এক বিরোধী দলীয় নেতাকে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত করার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে খোদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে। মারধরের শিকার ভুক্তভোগী রাকিবুল ইসলাম সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব।

বুধবার (৩ জুন) রাত সাড়ে ৯টার দিকে থানার ভেতরে ঘটে যাওয়া এই নজিরবিহীন ঘটনায় ইতিমধ্যেই তিন পুলিশ সদস্যকে তাৎক্ষণিক প্রত্যাহার (ক্লোজড) করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। পুরো ঘটনার তদন্তে রংপুর মহানগর পুলিশ (আরপিএমপি) তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে।

ঘটনার সূত্রপাত বুধবার সন্ধ্যায়, যখন একটি নিখোঁজ প্রেমিক যুগলকে উদ্ধার করে কোতোয়ালি থানায় নিয়ে আসে পুলিশ। বিষয়টি মীমাংসার তাগিদে স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতাকর্মীকে সাথে নিয়ে থানায় যান সদস্য সচিব রাকিবুল ইসলাম।

রাকিবুলের অভিযোগ, থানার ভেতরে উদ্ধার হওয়া ওই যুগলকে এক পুলিশ সদস্য অন্যায়ভাবে মারধর করছিলেন। একজন নাগরিক হিসেবে এই অমানবিক আচরণের আপত্তি জানিয়ে দলের এক জ্যেষ্ঠ নেতাকে ফোনে বিষয়টি জানাতে উদ্যত হন রাকিবুল। আর তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন কোতোয়ালি থানার ওসি আজাদ রহমান ও উপস্থিত পুলিশ সদস্যরা।

ঘটনার পর কোতোয়ালি থানার সামনে জড়ো হন বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী। সেখানে সাংবাদিকদের সামনে কান্নায় ভেঙে পড়েন রক্তাক্ত ও ক্ষতবিক্ষত রাকিবুল ইসলাম। শরীরে রক্তের দাগ ও বন্দুকের আঘাতের চিহ্ন দেখিয়ে তিনি বলেন “এখানে ওসি এবং এসআই মিলে আমাকে নির্মমভাবে মারল। আমি বারবার হাতজোড় করে অনুরোধ করেছি, পরিচয় দিয়েছি যে আমি স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, বিএনপির একজন কর্মী। কিন্তু তারা আমার কোনো কথাই শোনেনি। বন্দুকের বাট দিয়ে আমাকে বেধড়ক মারা হয়েছে, আমার দুটি মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয়েছে।”

রাকিবুল আরও এক বিস্ফোরক অভিযোগ এনে বলেন, মারধরের পর তার অবস্থা বেগতিক দেখে পুলিশ সদস্যরা জোরপূর্বক তাকে বাথরুমে নিয়ে যায় এবং শরীর থেকে রক্ত ধুয়ে ফেলে আলামত নষ্ট করার চেষ্টা করে। সাংবাদিকদের সামনে তিনি রক্তমাখা তুলা ও নিজের শরীরের বিভিন্ন গুরুতর জখম প্রদর্শন করেন।

পরিস্থিতি বেগতিক দেখে রাতেই রংপুর মহানগর পুলিশের মিডিয়া সেল থেকে একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘটনার সময় দায়িত্বে অবহেলা বা সংশ্লিষ্টতার দায়ে তিন পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। তারা হলেন, লিমা সরেন (নারী কনস্টেবল), মেহেরুন্নেসা (ডিউটি অফিসার), মাসুদ রানা (উপপরিদর্শক – এসআই)

তবে ভুক্তভোগী নেতা ওসির বিরুদ্ধে সরাসরি মারধরের মূল অভিযোগ তুললেও, ওসি আজাদ রহমানের বিরুদ্ধে এখনো কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি।

পুরো ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে আরপিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) নরেশ চাকমাকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন ডিসি (ক্রাইম) মো. মাহফুজুর রহমান এবং কোতোয়ালি জোনের এসি সুকুমার রায়।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে রংপুর মহানগর পুলিশ কমিশনারমোহাম্মদ আবদুল মাবুদ গণমাধ্যমকে জানান “ওসিকে অভিযুক্ত বলার আগে তার বিরুদ্ধে অফিশিয়াল অভিযোগ দিতে হবে। আমরা এখনো লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলেই বিধি মোতাবেক কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

অন্যদিকে, এই ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকারিয়া ইসলাম জিম বলেন “পোশাক পরিবর্তন হয়েছে ঠিকই, কিন্তু পুলিশের ভেতরের চরিত্র এখনো বদলায়নি। তাদের আচরণে এখনো স্বৈরাচারী শাসনের হিংস্রতার ছাপ স্পষ্ট। আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি মূল অভিযুক্ত ওসিসহ বাকিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া না হয়, তবে রংপুর স্তব্ধ করে দেওয়া হবে। প্রয়োজনে আমরা কোতোয়ালি থানা ঘেরাও করব।”