‘সীমান্তের বাইরে প্রভু নয়, সবাই বন্ধু ও অংশীদার’—তুরস্কের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী

0
‘সীমান্তের বাইরে প্রভু নয়, সবাই বন্ধু ও অংশীদার’—তুরস্কের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদকঃ বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে কোনো ‘প্রভুত্ব’ নয়, বরং পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে সবার সাথে বন্ধুত্ব রক্ষা করা হবে বলে স্পষ্ট বার্তা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি জানিয়েছেন, বর্তমান সরকার বিশ্বের সব দেশের সাথে গঠনমূলক দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ক জোরদারে কাজ করছে।

শুক্রবার (৫ জুন) ঢাকায় সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাথে এক দ্বিপক্ষীয় বৈঠক শেষে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেকের নেতৃত্বে ‘বাংলাদেশ প্রথম’ (Bangladesh First) নীতির ওপর ভিত্তি করে দেশের বর্তমান পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে। এই নীতির মূল ভিত্তি হলো—বাংলাদেশ বৈশ্বিক পরিমণ্ডলে একা নয়, তবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ এবং জনগণের কল্যাণই থাকবে সবকিছুর ঊর্ধ্বে।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, “এই নীতির মাধ্যমে আমরা স্পষ্ট করতে চাই যে, বাংলাদেশের বাইরে বিশ্বের বিভিন্ন দেশ আমাদের বন্ধু ও অংশীদার, কেউ আমাদের প্রভু নয়। পারস্পরিক শ্রদ্ধা ও সমতাই আমাদের আন্তর্জাতিক সম্পর্কের মূল ভিত্তি।”

বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের পরিধি বাড়াতে অত্যন্ত ইতিবাচক আলোচনা হয়েছে। বাংলাদেশে তুর্কি বিনিয়োগ আকৃষ্ট করতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল (স্পেশাল ইকোনমিক জোন) এবং বেসরকারি অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে ঢাকা। একই সাথে দুই দেশের বাণিজ্যকে নতুন উচ্চতায় নিতে মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) এবং অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (PTA) স্বাক্ষরের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী জানান, দুই দেশের বাণিজ্য সম্প্রসারণের বিশাল সম্ভাবনা রয়েছে। তুরস্কের বিনিয়োগকারীদের জন্য বিশেষ কয়েকটি সম্ভাবনাময় খাত চিহ্নিত করা হয়েছে সেগুলো হচ্ছে তৈরি পোশাক ও বস্ত্রশিল্প, প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন এবং জাহাজ নির্মাণ। আইসিটি, স্মার্ট প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি ও বেসামরিক বিমান চলাচল। ওষুধ শিল্প এবং ঢাকায় আন্তর্জাতিক মানের হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউট স্থাপন।

বর্তমানে প্রায় তিন হাজার বাংলাদেশি নাগরিক তুরস্কে অবস্থান করছেন, যাদের একটি বড় অংশই শিক্ষার্থী। বৈঠকে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য টার্কিশ স্কলারশিপ বা বৃত্তির সংখ্যা আরও বাড়ানোর জন্য তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানানো হয়েছে।

পাশাপাশি, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা রোহিঙ্গা সংকট নিয়েও বৈঠকে আলোচনা হয়। খলিলুর রহমান জোর দিয়ে বলেন, রোহিঙ্গা সমস্যার দ্রুত, স্থায়ী ও কার্যকর সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও জোরালো ও দৃশ্যমান উদ্যোগ নেওয়া প্রয়োজন। এই সংকটে তুরস্কের ধারাবাহিক ভূমিকার প্রশংসা করে আগামীতেও তাদের সক্রিয় সমর্থন প্রত্যাশা করে বাংলাদেশ।