কটিয়াদী প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ও অসাবধানতাবসত: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাশুড়ি ও পুত্রবধূর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার ৫ই জুন আচমিতা ইউনিয়নের উখড়াশাল গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। নিহতারা হলেন উখড়াশাল গ্রামের প্রবাসী জাহাঙ্গীর মিয়ার মা মেহেরা খাতুন (৫০) এবং তার স্ত্রী খাদিজা আক্তার (৩২)।
পারিবারিক সূত্রে জানা যায়, ৫ইজুন শুক্রবার শাশুড়ি মেহেরা খাতুন তাদের গোয়াল ঘরে কাজ করতে গেলে সেখানে পূর্ব থেকে জানালার রোডে বিদ্যুতের ছেঁড়া তার লেগেছিল। অসাবধানতাবশত মেহেরা খাতুন জানালা রডের মধ্যেই বিদ্যুতারিত হয়ে পড়েন। সেই সময় শাশুড়ির আর্তচিৎকারে খাদিজা আক্তার দৌড়িয়ে এসে শাশুড়িকে বাঁচানোর জন্য তার শরীর ধরে টান দিতেই খাদিজা আক্তার মাটিতে লুটিয়ে পড়েন।
বাড়ির অন্যান্য সদস্যরা বিষয়টি অনুভব করতে পেরে তারা জরুরীভাবে একজন বিদ্যুতের মিস্ত্রি মারফত তাদের উদ্ধার করেন। তারপর আশঙ্কা জনক অবস্থায় তাদেরকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে তাদের দুজনকেই মৃত বলে ঘোষণা করেন।
একই পরিবার দুইপ্রিয় জনের এই মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং স্বজনদের আহাজারি ও কান্নায় ভারী হয়ে ওঠে উখড়াশাল গ্রামের বাতাস।
এ ব্যাপারে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

