সোশ্যাল মিডিয়ায় ‘অ্যাকশন’ নিতে মেটাকে বাধ্য করছে সরকার, আসছে নতুন আইন

0
সোশ্যাল মিডিয়ায় ‘অ্যাকশন’ নিতে মেটাকে বাধ্য করছে সরকার, আসছে নতুন আইন

বাংলাদেশ প্রতিবেদকঃ ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাসহ আন্তর্জাতিক প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিতে যাচ্ছে সরকার। আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়ার বিধান রেখে সংশোধিত হচ্ছে সাইবার আইন।

সোমবার (৮ জুন) জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খানের এক জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই তথ্য জানান। তিনি জানান, গুজব, অপতথ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট রুখতে ‘সাইবার সুরক্ষা আইন, ২০২৬’ নামে নতুন সংশোধনী আনা হচ্ছে।

মেটাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম? আইনি শূন্যতা দূর করছে সরকার

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী দেশের বর্তমান আইনি সীমাবদ্ধতার কথা স্বীকার করে বলেন, বাংলাদেশে বর্তমানে এমন কোনো কার্যকর আইন নেই যা দিয়ে মেটা বা অন্য কোনো আন্তর্জাতিক প্ল্যাটফর্মকে নির্দিষ্ট সময়ের মধ্যে কনটেন্ট সরাতে বাধ্য করা যায়।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, “আমাদের পার্শ্ববর্তী দেশ আইনি সুরক্ষার মাধ্যমে মেটাকে ২৪ ঘণ্টার মধ্যে অ্যাকশন নিতে বাধ্য করেছে। কিন্তু আমাদের বিটিআরসি অনুরোধ পাঠালেও আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলো আইনি বাধ্যবাধকতা না থাকায় অনেক সময় দ্রুত ব্যবস্থা নেয় না। তারা উল্টো বলে—তোমাদের তো আইনটাই ঠিকমতো নেই।”

এই শূন্যতা পূরণে নতুন আইনে আন্তর্জাতিক প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোর জবাবদিহিতা নিশ্চিত করা হবে এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে কনটেন্ট অপসারণের কঠোর বিধান যুক্ত করা হবে।

ডিজিটাল অপরাধের ধরন বদলে যাওয়ায় আইনের পরিধি এবং সংজ্ঞায় বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। খসড়া সংশোধনীতে মূলত যে বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে স্বাধীনতা এবং মতপ্রকাশের স্বাধীনতার নামে সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব ক্ষতিকর কনটেন্ট ছড়ানো হচ্ছে, তা আসলেই মতপ্রকাশের স্বাধীনতা কি না—তা নতুন করে সংজ্ঞায়িত করা হবে।

সোশ্যাল মিডিয়া ও ভার্চুয়াল মিডিয়াসহ পুরো সাইবার স্পেসের সংজ্ঞা পুনর্নির্ধারণ করে একে কঠোর আইনি আওতায় আনা হচ্ছে। গুজব, অপতথ্য ও মানহানিকর কনটেন্ট ছড়ালে আগের চেয়েও কঠোর শাস্তির বিধান যুক্ত করা হচ্ছে। শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, বরং বিটিআরসি ও সাইবার সুরক্ষা সংস্থাসহ সংশ্লিষ্ট অন্যান্য সংস্থাকে সরাসরি কনটেন্ট ব্লক, অপসারণ বা স্থানান্তরের ক্ষমতা দেওয়া হচ্ছে।

এর আগে সংসদে আলোচনা উত্থাপন করে সংসদ সদস্য হেলেন জেরিন খান বলেন, ফেসবুকে অসংখ্য ভুয়া আইডি ও পেজ পরিচালনা করা হচ্ছে। সংগঠিত ‘বট নেটওয়ার্ক’ ব্যবহার করে কৃত্রিম উপায়ে জনমত প্রভাবিত করার চেষ্টা চলছে।

তিনি আরও অভিযোগ করেন, বর্তমান যুগে ডিপফেক বা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে ভুয়া ছবি, অডিও ও ভিডিও বানিয়ে নারী, শিশু, বিভিন্ন প্রতিষ্ঠান এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে।

এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “কিছুদিন ধরে সরকারের প্রধান, তার পরিবার এবং সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করে পরিকল্পিতভাবে কনটেন্ট ছড়ানো হচ্ছে। এই নোটিশের গুরুত্ব বুঝেই আজ সকালেই আমি আইনি সংস্কারের ড্রাফটে (খসড়া) হাত দিয়েছি।”

সাইবার অপরাধের পাশাপাশি আরও দুটি গুরুত্বপূর্ণ আইন সংশোধনের ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী: ১৮৬৭ সালের পুরনো আইন দিয়ে বর্তমানের ডিজিটাল জুয়া ঠেকানো অসম্ভব। তাই অনলাইন ও অফলাইন জুয়া বন্ধে সম্পূর্ণ নতুন একটি আইন চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যা চলতি সংসদ অধিবেশনেই পাস হতে পারে।

মাদক কারবারিরা আধুনিক অস্ত্রে সজ্জিত থাকলেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের পর্যাপ্ত অস্ত্র, ল্যাব ও ডগ স্কোয়াড নেই। সংস্থাটিকে একটি স্বয়ংসম্পূর্ণ ও শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তুলতে আইনি প্রস্তাব আনা হচ্ছে।