ট্রাম্পের দাবি ‘যুদ্ধ শেষ’, ইরানের জবাব ‘জল্পনাকল্পনা’

0
ট্রাম্পের দাবি ‘যুদ্ধ শেষ’, ইরানের জবাব ‘জল্পনাকল্পনা’

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংঘাত বন্ধে দুই পক্ষ একটি ‘দৃঢ় সমঝোতা স্মারক’ বা চুক্তির দ্বারপ্রান্তে রয়েছে বলে ওয়াশিংটন ইঙ্গিত দিলেও, তেহরান একে স্রেফ জল্পনাকল্পনা বলে উড়িয়ে দিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এবং মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

জর্জিয়ার লেফটেন্যান্ট গভর্নর বার্ট জোন্সের সমর্থনে আয়োজিত একটি টেলি-র‍্যালিতে ট্রাম্প ঘোষণা করেন, “আজ আমরা ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করেছি। তারা চূড়ান্তভাবে সম্মত হয়েছে যে কখনও পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। এই চুক্তির ৯৫ শতাংশই সেই বিষয় নিয়ে।”

এর আগে ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প দাবি করেন, “আমরা ইরানের সঙ্গে যুদ্ধের একটি দুর্দান্ত সমঝোতা করেছি।” চুক্তিটি প্রায় চূড়ান্ত এবং ইউরোপের কোনো একটি স্থানে দ্রুতই এর আনুষ্ঠানিক স্বাক্ষর হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। ট্রাম্পের দাবি, চুক্তিটি সই হওয়া মাত্রই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এবং বর্তমানে ইরানের নিয়ন্ত্রণে থাকা ‘হরমুজ প্রণালি’ আবারও উন্মুক্ত হয়ে যাবে।

ট্রাম্পের এমন দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই রাষ্ট্রীয় টেলিভিশনকে জানান, চুক্তি নিয়ে যা রটানো হচ্ছে তা কেবলই ‘জল্পনাকল্পনা’ এবং এখনও কিছুই চূড়ান্ত হয়নি।

বাঘেই স্পষ্ট করেন, সমঝোতা স্মারকের অধিকাংশ অংশ চূড়ান্ত হলেও শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্র ‘অতিরিক্ত দাবি’ ও ‘নতুন শর্ত’ জুড়ে দিয়েছে। ইরান তার নিজস্ব ‘লাল রেখা’ বা নীতি থেকে কোনোভাবেই বিচ্যুত হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।

চুক্তি নিয়ে ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ অঞ্চলের বিভিন্ন নেতার সঙ্গে কথা বলেছেন। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় সাফ জানিয়ে দিয়েছে, তারা এই সমঝোতা স্মারকের কোনো পক্ষ নয়। ইসরায়েল কেবল তখনই একটি চূড়ান্ত চুক্তিকে সমর্থন করবে, যদি তাতে নিচের ৪টি শর্ত পূরণ হয় ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সম্পূর্ণ অপসারণ। পারমাণবিক অবকাঠামো ভেঙে ফেলা। ক্ষেপণাস্ত্র উৎপাদনে কঠোর সীমাবদ্ধতা। আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোর প্রতি ইরানের সমর্থন বন্ধ করা।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, সমঝোতা পুরোপুরি চূড়ান্ত না হওয়া পর্যন্ত ইরানের বন্দরগুলোতে আসা-যাওয়া করা জাহাজের ওপর মার্কিন কঠোর অবরোধ বলবৎ থাকবে।

আশাবাদী এই চুক্তির কথা বলার মাত্র কয়েক ঘণ্টা আগেও ট্রাম্পের সুর ছিল বেশ আগ্রাসী। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি হুমকি দিয়েছিলেন, “আজ রাতে ইরানকে খুব কঠোরভাবে আঘাত করা হবে।” এমনকি ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র ‘খার্গ দ্বীপ’সহ বিভিন্ন জ্বালানি অবকাঠামো দখলেরও হুমকি দেন তিনি।

এর জবাবে ইরানের সামরিক বাহিনী এবং শীর্ষ আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ সতর্ক করে বলেন, নতুন কোনো হামলা হলে তার জবাব হবে ‘আগের চেয়েও কঠোর’। যুক্তরাষ্ট্রের ভুল কৌশল পুরো অঞ্চলকে দীর্ঘমেয়াদি অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর ব্যাপক হামলা চালালে এই সংঘাতের সূত্রপাত হয়। পাল্টা জবাবে ইরানও ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের লক্ষ্য করে হামলা চালায় এবং বৈশ্বিক তেল বাণিজ্যের প্রধান রুট হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেয়। এপ্রিল মাসে একটি যুদ্ধবিরতি হলেও চলতি সপ্তাহেও দুই দফা পাল্টাপাল্টি হামলা হয়েছে।

সর্বশেষ গত সোমবার উপসাগরীয় অঞ্চলে একটি মার্কিন অ্যাপাচে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর উত্তেজনা চরমে পৌঁছায়।

বুধবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দক্ষিণ ইরানে সামরিক ও রাডার স্থাপনায় হামলা চালায়। এর জবাবে আইআরজিসি বাহরাইন, কুয়েত ও জর্ডানের মার্কিন ঘাঁটিতে হামলা চালায়। বাহরাইনে একটি ড্রোন হামলায় ১১ বছরের এক শিশু আহত হয়েছে।

মধ্যপ্রাচ্যের এই বিপজ্জনক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তাঁর মুখপাত্র সব পক্ষকে যুদ্ধবিরতি পুরোপুরি মেনে চলার আহ্বান জানিয়েছেন। এছাড়া পাকিস্তান, রাশিয়া, চীন, তুরস্ক, ভারত এবং সৌদি আরবও রক্তক্ষয়ী সংঘাত থামিয়ে দ্রুত কূটনৈতিক সমাধানের তাগিদ দিয়েছে।