সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে মধ্যরাতে চুরি, ‘পরিকল্পিত নাশকতা’র আশঙ্কা

0
সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে মধ্যরাতে চুরি, ‘পরিকল্পিত নাশকতা’র আশঙ্কা

বাংলাদেশ প্রতিবেদকঃ রাজধানীর সুপ্রিম কোর্ট চত্বরে অবস্থিত সুপ্রিম কোর্ট ওল্ড ব্লকে (অ্যাটর্নি জেনারেল কার্যালয়) মধ্যরাতে চুরির চেষ্টা ও চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনাকে সাধারণ কোনো চুরি নয়, বরং একটি ‘পরিকল্পিত নাশকতা’ হিসেবে আখ্যায়িত করেছেন প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

আজ শুক্রবার (১২ জুন) সকালে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার (১১ জুন) রাত আনুমানিক সোয়া ১টার দিকে একদল দুষ্কৃতকারী এই ঘটনা ঘটায়।

দুষ্কৃতকারীরা অ্যাটর্নি জেনারেল অফিস ভবনের নিচতলা এবং দোতলার লিফটের সামনের জানালার দুটি থাই গ্লাসের পার্ট কৌশলে খুলে ফেলে। তারা ভবনের পেছন দিক দিয়ে জানালার একটি পার্ট চুরি করে নিয়ে যেতে সক্ষম হলেও অন্য পার্টটি ফেলে রেখেই পালিয়ে যায়।

জানালার গ্লাস খোলার শব্দ পেয়ে কার্যালয়ে নিয়োজিত নৈশপ্রহরী ফজলুল হক ও মিঠুন বাড়ৈ এবং সেখানে কর্তব্যরত পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে এগিয়ে যান। তারা দুষ্কৃতকারীদের ধাওয়া করলে চোরচক্র মালামাল ফেলে রেখেই দ্রুত ঘটনাস্থল থেকে চম্পট দেয়।

আজ সকালে চুরির বিষয়টি অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলকে অবহিত করা হলে তিনি তীব্র উদ্বেগ প্রকাশ করেন। এটিকে নিছক চুরি বলতে নারাজ তিনি।

অ্যাটর্নি জেনারেলের আশঙ্কা, এটি একটি গভীর নাশকতা হতে পারে। এর পেছনে ভেতরের কোনো চক্রের হাত থাকতে পারে ইঙ্গিত করে তিনি বলেন “বিগত কয়েক দিন ধরে অ্যাটর্নি জেনারেল অফিসকে কেন্দ্র করে এখান থেকে চাকরিচ্যুত হওয়া কতিপয় দুর্নীতিপরায়ণ ব্যক্তি অনলাইনে নানা ধরনের মিথ্যা ও বানোয়াট অপপ্রচার চালাচ্ছে। এই চুরির ঘটনার পেছনে তাদের ইন্ধন থাকার জোর সম্ভাবনা রয়েছে।”

ঘটনার পর পরই অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল সুপ্রিম কোর্ট প্রশাসনের নিরাপত্তা জোরদারের পাশাপাশি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়েরের জন্য প্রশাসনিক কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। একই সাথে এই ঘটনার মূল হোতা এবং পর্দার আড়ালের ইন্ধনদাতাদের খুঁজে বের করতে পুলিশকে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সুনিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।