অধ্যক্ষকে অচেতন করে প্রতারণার চেষ্টায় কটিয়াদীতে একজন গ্রেফতার

0
অধ্যক্ষকে অচেতন করে প্রতারণার চেষ্টায় কটিয়াদীতে একজন গ্রেফতার

কটিয়াদী প্রতিনিধি:-কিশোরগঞ্জের কটিয়াদীতে সরকারি কলেজের অধ্যক্ষ কে অচেতন করে প্রতারণার চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় কলেজের অধ্যক্ষ আতাউর রহমান অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

১১ই জুন বৃহস্পতিবার কটিয়াদী সরকারি কলেজের অধ্যক্ষের কার্যালয়ে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম ইমরান হাওলদার (৪৮),তিনি বরিশালের গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নের টার্কিরচর গ্রামের মোঃ সোহরাব হাওলাদারের ছেলে বলে জানা যায়।

কলেজের পরিবেশ প্রকৃতি ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রভাষক শাহ আলম জানান ঘটনার সময় কয়েকজন শিক্ষক অধ্যক্ষের কক্ষে অবস্থান করছিলেন। সে সময় এক ব্যক্তি এসে নিজেকে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি পরিচয় দিয়ে, অধ্যক্ষের সাথে বিভিন্ন কথাবার্তা বলতে শুরু করেন। একপর্যায়ে অধ্যক্ষতার কক্ষে আসা শিক্ষকদের বাইরে যেতে বলেন। তারা বের হয়ে গেলে প্রায় আধাঘন্টা দুজনের মধ্যে রুদ্ধদ্বার বৈঠক চলে। তারপর কক্ষের দরজা খোলার পর কক্ষের ভিতর থেকে তীব্র সুগন্ধ বের হতে থাকে। এতে সন্দেহের বসে অধ্যক্ষের সাথে কথা বলতে গেলে, তাকে কিছুটা অচেতন অবস্থায় দেখা যায়। এবং তিনি স্বাভাবিক কথা বলতে পারছিলেন না। তখন আমি ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলে সেও অসংলগ্ন কথা বলতে শুরু করে। পরে অধ্যক্ষের নিকট থেকে নেওয়া ৪০০০ টাকা ওই ব্যক্তি আমাদের সম্মুখে ফেরত দেয়। এরপর তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। কলেজের শিক্ষকদের ধারণা কোন চেতনা নাশক পদার্থ প্রয়োগ করে অধ্যক্ষ কে অচেতন করেন বলে মনে হয়। তবে তদন্ত ছাড়া নিশ্চিতভাবে এই মুহূর্তে কোন কিছু বলা সম্ভব নয়।

অধ্যক্ষ আতাউর রহমান বলেন, প্রথমে লোকটির কথাবার্তা শুনে তাকে কোন গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে মনে হয়েছিল। পরে তিনি কবিরাজি চিকিৎসার কথা বলতে শুরু করেন। এরপর আমার সাথে কি হয়েছে তা আর মনে করতে পারছি না। তাছাড়া তার সাথে আগে আমার কোনপরিচয় ছিল না।

এ বিষয়ে কটিয়াদী মডেল থানার তদন্ত কর্মকর্তা মোঃ শ্যামল মিয়া বলেন ওই ব্যক্তিকে থানায় নিয়ে আসা হয়েছে এবং এ বিষয়ে আমরা কোন লিখিত অভিযোগ এখনো পাইনি। তবে প্রাথমিক জিজ্ঞাসা বাদে তার নাম ইমরান হাওলাদার, বাড়ি বরিশালের গৌরনদী উপজেলা বলে এবং কবিরাজি চিকিৎসা ও ঝার- ফুকের মাধ্যমে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে বলে জানিয়েছেন। বর্তমানে আমরা তার দেয়া তথ্য যাচাই বাছাই করে পরবর্তী আইনি ব্যবস্থা নেব।