ক্রিকেটার নাঈমকে হেনস্তা: খুলশীর ওসি প্রত্যাহার, নতুন ৩ থানায় রদবদল

0
ক্রিকেটার নাঈমকে হেনস্তা: খুলশীর ওসি প্রত্যাহার, নতুন ৩ থানায় রদবদল

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিমানবন্দর থেকে বাসায় ফেরার পথে জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে মারধর ও থানায় নিয়ে দুর্ব্যবহারের ঘটনায় অবশেষে বড় অ্যাকশনে গেল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। দেশজুড়ে তীব্র সমালোচনার মুখে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলামকে প্রত্যাহার (ক্লোজড) করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

শনিবার (১৩ জুন) রাত ১২টার দিকে সিএমপির সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। একই আদেশে সিএমপির বেশ কয়েকটি থানায় ওলটপালট করা হয়েছে।

শনিবার রাতে সিএমপি কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী স্বাক্ষরিত এক আদেশে এই পরিবর্তন আনা হয়, প্রত্যাহার হওয়া ওসি মো. আরিফুল ইসলামের স্থলে নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বাকলিয়া থানার ওসি মোহাম্মদ সোলাইমানকে। বাকলিয়া থানার নতুন ওসি হিসেবে নিয়োগ পেয়েছেন সিএমপির বিশেষ শাখার (এসবি) পরিদর্শক জাহিদুল কবির।

এর আগে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা ও নির্যাতনের অভিযোগে খুলশী থানার এক উপপরিদর্শকসহ (এসআই) তিন পুলিশ সদস্যকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে নেওয়া হয়েছিল। এবার বিভাগীয় ব্যবস্থা হিসেবে থানার প্রধান ওসিকেও সরানো হলো।

এই নৃশংস ও অনভিপ্রেত ঘটনায় ক্রিকেটার নাঈমের ভাই কামরুল হাসান সাব্বির বাদী হয়ে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে ইতোমধ্যে একটি মামলা দায়ের করেছেন।