টিকটকে প্রেম: বান্ধবীর টানে কিশোরগঞ্জ থেকে টাঙ্গাইলে তরুণী, সমকামী সম্পর্কের দাবিতে শোরগোল!

0
টিকটকে প্রেম: বান্ধবীর টানে কিশোরগঞ্জ থেকে টাঙ্গাইলে তরুণী, সমকামী সম্পর্কের দাবিতে শোরগোল!

টাঙ্গাইল প্রতিনিধি: ভার্চুয়াল দুনিয়ার ‘টিকটক’ অ্যাপের পরিচয় গড়িয়েছে সমকামী প্রেমে। আর সেই প্রেমের অমোঘ টানেই ঘর ছেড়ে কিশোরগঞ্জ থেকে টাঙ্গাইলের সখিপুরে ছুটে এসেছেন এক তরুণী। দুই তরুণীর এমন ব্যতিক্রমী ও ‘অস্বাভাবিক’ প্রেমের সম্পর্ক নিয়ে এলাকায় তুমুল চাঞ্চল্য ও শোরগোল তৈরি হয়েছে।

উপজেলার শোলাপ্রতিমা গ্রামে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে দুই বান্ধবীর এই প্রেম কাহিনী।

স্থানীয় বাসিন্দা ও দুই তরুণীর সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে টিকটকের স্ক্রল করতে করতে পরিচয় হয় কিশোরগঞ্জের কাজলা এলাকার বাসিন্দা হাবিবার সাথে সখিপুরের মেয়ে রিমার। প্রথমে সাধারণ কথাবার্তা, তারপর বন্ধুত্ব এবং ধীরে ধীরে তা রূপ নেয় গভীর প্রেমে।

প্রেমের তীব্রতা এতটাই রূপ নিয়েছে যে, প্রেমিকা রিমার বাড়িতে এসে সরাসরি অবস্থান নিয়েছেন হাবিবা। এদিকে রিমা ইতিমধ্যেই বিবাহিত হলেও, তিনি সাফ জানিয়ে দিয়েছেন—বর্তমান বৈবাহিক সম্পর্কের ইতি টেনে (ডিভোর্স দিয়ে) তিনি হাবিবার সাথেই বাকি জীবন কাটাতে চান। হাবিবাও সুর মিলিয়ে বলেছেন, পরিবার বা সমাজের কোনো বাধাই তারা মানবেন না, দুজনে একসাথেই থাকবেন।

গ্রামীণ জনপদে এমন ঘটনা সচরাচর না ঘটায় স্থানীয়দের মধ্যে বেশ কৌতূহল ও গুঞ্জন তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় এক ধরনের সামাজিক উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মিনহাজ উদ্দিন সংবাদমাধ্যমকে জানান “বিষয়টি জানার পর আমরা স্থানীয় জনপ্রতিনিধি, চৌকিদার ও গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ মিলে দুই তরুণীকে বোঝানোর আপ্রাণ চেষ্টা করেছি। সামাজিক ও ধর্মীয় রীতির কথা বলা হলেও তারা দুজনেই নিজেদের সিদ্ধান্তে অনড় রয়েছেন। কেউ কাউকে ছাড়তে নারাজ।”

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। সামাজিক ট্যাবু ও আইনি জটিলতার কারণে বিষয়টি এখন পুলিশ প্রশাসন পর্যন্ত গড়িয়েছে।

এ প্রসঙ্গে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, “ঘটনাটি লোকমুখে শুনেছি। তবে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকেই থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। কোনো অভিযোগ বা জিডি পেলে আমরা আইনানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।”

ডিজিটাল দুনিয়ার প্রেম কীভাবে বাস্তব জীবনের সামাজিক সমীকরণ বদলে দিচ্ছে, এই ঘটনা যেন তারই এক জ্বলন্ত উদাহরণ। দুই তরুণীর শেষ পরিণতি কী হয়, সেদিকেই এখন নজর স্থানীয়দের।