শাশুড়ি নমিতা হত্যা মামলা: পরকীয়া প্রেমিক ও মূল হোতা কামাল পঞ্চায়েত র‍্যাবের জালে

0
শাশুড়ি নমিতা হত্যা মামলা: পরকীয়া প্রেমিক ও মূল হোতা কামাল পঞ্চায়েত র‍্যাবের জালে

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের ইন্দুরকানিতে পুত্রবধূর পরকীয়ায় বাধা দেওয়ায় শাশুড়ি নমিতা রানী পালকে (৬০) শ্বাসরোধে হত্যার ঘটনার মূল পরিকল্পনাকারী ও প্রধান আসামি কামাল পঞ্চায়েতকে (৫৫) গ্রেপ্তার করেছে র‍্যাব-৮।

গত রোববার (১৪ জুন) গভীর রাতে পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার শ্রীপুর এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাকে আইনের আওতায় আনা হয়। গ্রেপ্তার কামাল পঞ্চায়েত ইন্দুরকানি উপজেলার দক্ষিণ চন্ডিপুর গ্রামের মৃত আবু পঞ্চায়েতের ছেলে। এই নিয়ে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডটিতে জড়িত পুত্রবধূসহ মোট তিনজনকে গ্রেপ্তার করল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

র‍্যাব-৮ এর মিডিয়া কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, নমিতা রানীর পুত্রবধূ বন্যা রানী পালের (৩২) সাথে দীর্ঘ দিন ধরে অবৈধ প্রেমের সম্পর্ক চালিয়ে আসছিলেন কামাল পঞ্চায়েত। এই সম্পর্কের জেরে কামাল প্রায়ই তাদের বাড়িতে যাতায়াত এবং অসামাজিক কার্যকলাপে লিপ্ত হতেন।

একপর্যায়ে শাশুড়ি নমিতা রানী ও শ্বশুর রাধেশ্যাম চন্দ্র পাল বিষয়টি টের পেয়ে যান এবং তীব্র বাধা প্রদান করেন। নিজেদের গোপন সম্পর্কের পথের কাঁটা সরাতে ক্ষুব্ধ হয়ে কামাল ও পুত্রবধূ বন্যা মিলে শাশুড়িকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার নৃশংস পরিকল্পনা করেন।

পূর্বপরিকল্পনা অনুযায়ী, গত ২৮ মে বিকেলে নমিতার স্বামী রাধেশ্যাম চন্দ্র পাল স্থানীয় চন্ডিপুর বাজারে যান। বাড়ি ফাঁকা থাকার এই সুযোগে বিকেল পৌনে ৬টা থেকে রাত ৮টার মধ্যকার যেকোনো সময় ঘাতক কামাল ও তার সহযোগীরা ঘরে প্রবেশ করে। এরপর দক্ষিণ কলারন গ্রামের নিজ বসতঘরের বারান্দায় নমিতা রানীকে নির্মমভাবে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। এই ঘটনায় নিহতের স্বামী রাধেশ্যাম চন্দ্র পাল বাদী হয়ে ইন্দুরকানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

হত্যাকাণ্ডের পরপরই থানা পুলিশ পুত্রবধূ বন্যা রানীসহ দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তবে ঘটনার মূল হোতা কামাল পঞ্চায়েত এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে তিনি বারবার নিজের অবস্থান পরিবর্তন করছিলেন।

“র‍্যাব-৮ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে। অবশেষে গোপন সংবাদ ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় ভাণ্ডারিয়া থেকে মূল আসামি কামালকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। সোমবার (১৫ জুন) দুপুরে তাকে সংশ্লিষ্ট ইন্দুরকানি থানায় হস্তান্তর করা হয়েছে।” – মো. কামরুজ্জামান (অতিরিক্ত পুলিশ সুপার, র‍্যাব-৮)