তোষামোদ নয়, সত্য প্রকাশ করুন: গণমাধ্যমকে প্রধানমন্ত্রী

0
তোষামোদ নয়, সত্য প্রকাশ করুন: গণমাধ্যমকে প্রধানমন্ত্রী

বাংলাদেশ প্রতিবেদকঃ দলীয় লেজুড়বৃত্তি কিংবা সরকারের অন্ধ তোষামোদির সংস্কৃতি থেকে বেরিয়ে এসে গণমাধ্যমকে সমাজের প্রকৃত ‘গ্রাউন্ড রিয়েলিটি’ বা বাস্তব চিত্র তুলে ধরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্পষ্ট করে বলেছেন, “সরকারের তোষামোদ করা সাংবাদিকতার লক্ষ্য হতে পারে না। জনগণের সামনে নির্ভীকভাবে সত্যকে সত্য হিসেবেই উপস্থাপন করতে হবে।”

সোমবার বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে দেশের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও বার্তা প্রধানদের সঙ্গে এক উচ্চপর্যায়ের রুদ্ধদ্বার বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ শিবলী সাংবাদিকদের ব্রিফিংয়ে জানান, কেবল রাজনৈতিক বিতর্ক নয়, মানবিক রাষ্ট্র গঠন ও সামাজিক মূল্যবোধ জাগ্রত করতে গণমাধ্যমকে ‘ওয়াচডগ’ বা সমাজ পাহারাদারের ভূমিকা পালন করতে হবে।

প্রেস সচিব আরও জানান, গণমাধ্যমের কাঠামোগত সংস্কার ও সুরক্ষায় একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই কমিশনের রূপরেখা ও সুনির্দিষ্ট নীতি কাঠামো তৈরিতে আগামী ১৮ জুন সব অংশীজনদের (সাংবাদিক, মালিক ও বিশেষজ্ঞ) নিয়ে একটি বিশেষ সংলাপ অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর বার্তা “একটি মানুষ বিপদে পড়লে আমরা তা উদ্ধারের চেষ্টা না করে ভিডিও করতে ব্যস্ত থাকি— এই যে মানবিক মূল্যবোধের অবক্ষয়, তা দূর করতে গণমাধ্যমকে কার্যকর ভূমিকা রাখতে হবে। সমাজ গঠনে গণমাধ্যমের বড় দায়বদ্ধতা রয়েছে।”

দুই ঘণ্টাব্যাপী এই সৌহার্দ্যপূর্ণ বৈঠকে টেলিভিশন শিল্পের বর্তমান আর্থিক মন্দা এবং সাংবাদিকদের পেশাগত নানাবিধ চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় টেলিভিশন চ্যানেলগুলোর শীর্ষ কর্মকর্তারা প্রধানমন্ত্রীর কাছে প্রধানত ৩টি দাবি তুলে ধরেন,টেলিভিশন শিল্পকে একটি পূর্ণাঙ্গ শিল্প খাত হিসেবে ঘোষণা করা। সাংবাদিকদের চাকরির নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দীর্ঘদিনের অমীমাংসিত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন। স্বাধীন সাংবাদিকতার অনুকূল পরিবেশ ও সাংবাদিকদের সার্বিক নিরাপত্তা বিধানে দ্রুত কার্যকর নীতিমালা প্রণয়ন।

প্রধানমন্ত্রী দীর্ঘ সময় নিয়ে মনোযোগ দিয়ে সাংবাদিকদের প্রতিটি সংকটের কথা শোনেন এবং কোনো রকম চাপ বা প্রতিবন্ধকতা ছাড়াই গণমাধ্যম যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে, সেজন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের পলিসি সাপোর্টের আশ্বাস দেন।