৩শ কোটি টাকার আম বেচা-বিক্রির আশা, জিআই পণ্য হাঁড়িভাঙা আমের বাজারজাত কার্যক্রম শুরু

0
৩শ কোটি টাকার আম বেচা-বিক্রির আশা, জিআই পণ্য হাঁড়িভাঙা আমের বাজারজাত কার্যক্রম শুরু

জয়নাল আবেদীন: সোমবার থেকে রংপুরের ঐতিহ্যবাহী জিআই পণ্য হাঁড়িভাঙা আমের বাজারজাত কার্যক্রম শুরু হয়েছে। রংপুরের মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের পদাগঞ্জে আম বাগানে হাড়িভাঙা আম ছিড়ে বাজারজাত কার্যক্রম উদ্বোধন করেন রংপুরের ডিসি মোহাম্মদ রুহুল আমিন।

এরপর পদাগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে হাঁড়িভাঙা আমচাষি ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। সভা শেষে জেলা প্রশাসক পদাগঞ্জ হাট পরিদর্শন করেন এবং কৃষক ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। এদিকে মতবিনিময় সভায় কৃষক ও ব্যবসায়ীরা আম বাজারজাতকরণে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তারা রাস্তাঘাটের উন্নয়ন, ব্যাংকিং সুবিধা, হাটে স্থায়ী শেড, ওয়াশ সুবিধা, হিমাগার নির্মাণ এবং জিআই পণ্য হিসেবে হাঁড়িভাঙ্গা আম রপ্তানির সুযোগ সৃষ্টির দাবি জানান।এ সময় ডিসি বলেন, হাঁড়িভাঙা আম জেলা প্রশাসনের অগ্রাধিকার প্রকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে। আম রফতানি বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন, সড়ক সংস্কার, ব্যাংক শাখা স্থাপন এবং ম্যাঙ্গো ট্রেন চালুসহ বিভিন্ন সমস্যার সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। প্রথম দিনেই পদাগঞ্জ হাটে বিপুল পরিমাণ হাঁড়িভাঙা আমের আমদানি দেখা যায়।

উদ্বোধনের পর শুরু হয় বেচাকেনা।বিক্রেতারা জানায়, ১২শ থেকে ১৮শ টাকার মধ্যে প্রতি মণ আম বিক্রি হচ্ছে। এবার শিলা বৃষ্টিতে হাঁড়িভাঙা ঝরে যাওয়ায় ৩০ ভাগ ফলন কমে গেছে। তাই দাম বৃদ্ধি না হলে লোকসানের মুখে পড়বেন তারা।রংপুর আঞ্চলিক কৃষি দফতরের অতিরিক্ত পরিচালক সিরাজুল ইসলাম জানান, এবার যেহেতু আমের ফলন একটুখানি কম হয়েছে। তবে আকার বড় হয়েছে। সে কারণে এবার ন্যায্য দাম পাবেন কৃষকরা। শুরুর দিকে সামান্য দাম কম হলেও প্রতিদিনই আমের দাম বাড়বে বলেও আশা করেন তিনি।া প্রতি বছর এই আম জুনের ২০ তারিখে আনুষ্ঠানিকভাবে বাজারজাত শুরু হলেও এবার তীব্র তাপপ্রবাহের কারণে গাছ থেকে আগাম আম পাড়তে শুরু করেছেন চাষি ও ব্যবসায়ীরা। ফলে জেলা প্রশাসন এবং কৃষি বিভাগের পক্ষ থেকে পাচ দিন এগিয়ে ১৫ জুন আনুষ্ঠানিকভাবে হাঁড়িভাঙা আম বাজারজাত করণের সিদ্ধান্ত নেয়া হয়।

পাশাপাশি বড় কোনো প্রাকৃতিক দুর্যোগের থাবায় না পড়লে এই হাট থেকে এবার ৩শ কোটি টাকার আম বেচাবিক্রির আশা করছে খোদ কৃষি বিভাগ এবং জেলা প্রশাসন।