মাদ্রাসাছাত্রকে ‘ধারাবাহিক যৌন নির্যাতন’: মোহতামিমের বিরুদ্ধে বলাৎকারের মামলা

0
মাদ্রাসাছাত্রকে ‘ধারাবাহিক যৌন নির্যাতন’: মোহতামিমের বিরুদ্ধে বলাৎকারের মামলা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় দ্বীনি শিক্ষার আড়ালে এক হেফজ বিভাগের ছাত্রকে (১২) দীর্ঘ দিন ধরে ধারাবাহিক যৌন নির্যাতনের (বলাৎকার) লোমহর্ষক ও জঘন্য অভিযোগ উঠেছে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে মঙ্গলবার (১৬ জুন) দুপুরে কেন্দুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।

মামলার আসামি হলেন আমিনা আজিজুল নূরে মদিনা হেফজুল কুরআন মাদ্রাসার মোহতামিম (প্রধান শিক্ষক) হেলাল উদ্দীন ওরফে হাফিজুর রহমান (৩০)। তিনি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের রামনগর গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার (১২ জুন) দুপুরে ভুক্তভোগী শিশুটি মাদ্রাসা থেকে বাড়িতে এসে টয়লেটে যায়। সেখানে দীর্ঘক্ষণ দেরি করায় তার মা কারণ জানতে চাইলে অবুঝ শিশুটি কান্নায় ভেঙে পড়ে। এরপর সে তার মায়ের কাছে মোহতামিম হেলাল উদ্দীনের দীর্ঘদিনের জঘন্য পাশবিকতার কথা প্রকাশ করে।

শিশুটির পরিবার জানায়, গত ৬-৭ মাস ধরে ভয়ভীতি ও কোরআন ছুঁয়ে কসম কাটিয়ে ওই অবুঝ শিশুর ওপর এই অবর্ণনীয় শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন ওই শিক্ষক। লোকলজ্জা ও পরিণতির ভয়ে শিশুটি এতদিন মুখ খোলেনি।

ঘটনাটি জানার পর ভুক্তভোগী শিশুর মা প্রথমে স্থানীয়ভাবে মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে লিখিত ও মৌখিক অভিযোগ জানান। কিন্তু ঘটনার ভয়াবহতা এবং মাদ্রাসা কর্তৃপক্ষের উপযুক্ত পদক্ষেপের অভাবে তিনি আজ সরাসরি আইনের আশ্রয় নেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত শিক্ষক হেলাল উদ্দীন পলাতক রয়েছেন বলে জানা গেছে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী মাকসুদ মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, “অভিযোগ পাওয়ামাত্রই আমরা মামলাটি আমলে নিয়েছি। একজন শিক্ষকের কাছ থেকে এমন বিকৃত আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভুক্তভোগী শিশুর জবানবন্দি রেকর্ড ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। অভিযুক্ত লম্পট শিক্ষককে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম ইতিমধ্যে অভিযান শুরু করেছে।”

এদিকে দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকের এমন অনৈতিক ও বিকৃত লালসার শিকার হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় অভিভাবক ও ধর্মপ্রাণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। সচেতন মহল অবিলম্বে এই ‘শিক্ষক নামধারী’ অপরাধীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।