সাহিত্য হোক সমাজ গঠনে আলোকিত আশ্রয়: রংপুরে সাহিত্য একাডেমির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

0
সাহিত্য হোক সমাজ গঠনে আলোকিত আশ্রয়: রংপুরে সাহিত্য একাডেমির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

১১ গুণীজনকে সম্মাননা প্রদান; সাহিত্য সংগঠন টিকিয়ে রাখতে সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতার আহ্বান বিশিষ্টজনদের

জয়নাল আবেদীনঃ “সাহিত্য হোক সমাজ গঠনে আলোকিত আশ্রয়”— এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে বিভাগীয় নগরী রংপুরে পালিত হলো ‘রংপুর সাহিত্য একাডেমি’র চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী। শনিবার সন্ধ্যায় রংপুর টাউন হলে স্বরচিত কবিতা ও ছড়া পাঠ, বইয়ের মোড়ক উন্মোচন, গুণীজন সংবর্ধনা, আলোচনা সভা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়।

অনুষ্ঠানে রংপুর সাহিত্য একাডেমির সভাপতি ও বিশিষ্ট ব্যাংকার হাই হাফিজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী চৌধুরী ডন।

আলোচনা সভায় বক্তারা বলেন, নিয়মিত সাহিত্য চর্চা ও সংগঠনের সক্রিয় ভূমিকার মধ্য দিয়েই নতুন নতুন কবি, সাহিত্যিক, ছড়াকার ও গল্পকার সৃষ্টি হয়। রংপুর সাহিত্য একাডেমি ইতোমধ্যে অঞ্চলের সাহিত্যাকাশে অনেক নতুন প্রতিভা জন্ম দিতে সক্ষম হয়েছে। তবে একটি সাহিত্য সংগঠনকে দীর্ঘমেয়াদে বাঁচিয়ে রাখতে হলে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ধারাবাহিক পৃষ্ঠপোষকতা অত্যন্ত জরুরি। সেই সঙ্গে সমাজের বিত্তশালীদেরও এসব সৃজনশীল উদ্যোগে এগিয়ে আসা উচিত।

সংগঠন পরিচালনার চ্যালেঞ্জ উল্লেখ করে বক্তারা আরও বলেন, “একটি সন্তানকে সঠিকভাবে গড়ে তুলতে চাইলে যেমন পরিবারের কর্তাদের মাথার ঘাম পায়ে ফেলতে হয়, ঠিক তেমনি একটি সাহিত্য সংগঠনকে সফলভাবে পরিচালিত করতে হলেও উদ্যোক্তাদের অনেক কাঠখড় পোড়াতে হয়।”

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সমাজে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় ১১ জন বিশেষ গুণী ব্যক্তিত্বকে সম্মাননা স্মারক প্রদান।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আব্দুর রাজ্জাক, অতিরিক্ত ডিআইজি। মোহাম্মদ রুহুল আমিন, জেলা প্রশাসক (ডিসি), রংপুর। মাহবুবুল আলম খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী। কে এম আরিফুজ্জামান, জেলা কালচারাল অফিসার, রংপুর। আক্তারুজ্জামান সাজু, অধ্যক্ষ, মাহীগঞ্জ কলেজ। দিলরুবা শাহাদত, দেশের খ্যাতিমান লেখিকা ও সম্পাদক, ‘অঞ্জলিকা’ সাহিত্য পত্র।

অনুষ্ঠানের শেষভাগে স্থানীয় কবি ও সাহিত্যিকদের স্বরচিত লেখা পাঠ এবং স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে একটি চমৎকার সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যা টাউন হলের উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে।