কেশবপুরে আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

0
কেশবপুরে আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

কেশবপুর প্রতিনিধি: যশোরের কেশবপুরে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার (২০ জুন) রাতে উপজেলার পৃথক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ৫ নম্বর মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান মাসুদ (৫০) এবং ১০ নম্বর সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ বিশ্বাস (৫৪)। পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কন্দর্পপুর গ্রামের মৃত আফছার আলী সানার ছেলে মাসুদুজ্জামান মাসুদ এবং সাতবাড়িয়া গ্রামের মৃত চাঁদ আলী বিশ্বাসের ছেলে আব্দুর রশিদ বিশ্বাসকে শনিবার গভীর রাতে নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত ১১ জুন উপজেলার পরচক্রা ও সোনাতলা এলাকায় সড়কের ওপর পৃথক দুটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের ওই মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এ ঘটনায় উপজেলার মির্জানগর গ্রামের আকরাম হোসেন বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬০ থেকে ৭০ জনকে আসামি করে কেশবপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি কেশবপুর থানার মামলা নং-৮ হিসেবে রেকর্ডভুক্ত হয়। মামলার পর থেকে পুলিশ অভিযান চালিয়ে একে একে আসামিদের গ্রেফতার করছে। এর আগে একই মামলায় নয়জন আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। তারা হলেন ত্রিমোহিনী ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম খান (৬০), ছাত্রলীগের কর্মী রফিকুল ইসলাম (১৮), যুবলীগের সদস্য আব্দুল জলিল (৪৫), ছলেমান সরদার (৪৫), পৌর যুবলীগের সদস্য নজরুল ইসলাম (৩৮), সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম (৪২), সদস্য সরোজিত দাস (৪১), মুজাহিদ হোসেন (১৯) এবং মাসুদ রানা (২০)।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন বলেন, মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান মাসুদ এবং সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে। তাদের রবিবার আদালতের মাধ্যমে যশোর জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ জানিয়েছে, মামলার বাকি আসামিদের শনাক্ত ও গ্রেফতারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।