ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে আটক হওয়ার মাত্র পাঁচ ঘণ্টার মাথায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতার রহস্যজনক মৃত্যু হয়েছে। সকাল সাড়ে ৭টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মো. ইশতিয়াক আহম্মেদ প্রান্ত (২৮) নামের ওই যুবক।
নিহত প্রান্ত মধুখালী পৌরসভার গোন্দারদিয়া এলাকার মৃত এস্কেন্দার হায়দারের ছেলে। তিনি স্থানীয় ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন বলে জানা গেছে।
নিহত প্রান্তের চাচা ও সাবেক পৌর কাউন্সিলর মির্জা আবু জাফর জানান, রবিবার গভীর রাতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তাদের বাড়িতে অভিযান চালায় এবং প্রান্তকে আটক করে নিয়ে যায়। এরপর সোমবার সকালে তারা খবর পান, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রান্ত মারা গেছেন। এই খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত হাসপাতালে ছুটে যান। আকস্মিক এই ঘটনায় পরিবারের সদস্যরা মানসিকভাবে ভেঙে পড়েছেন।
এদিকে জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে ঘটনার ভিন্ন একটি বিবরণ পাওয়া গেছে। ডিবি পুলিশের দাবি রবিবার রাত ২টার দিকে গোন্দারদিয়া এলাকায় প্রান্তের বসতবাড়ির উত্তর পাশের একটি ফাঁকা স্থানে অভিযান চালানো হয়। এ সময় প্রান্তর কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে গ্রেপ্তার করে ফরিদপুর জেলা গোয়েন্দা শাখার হাজতে রাখা হয়।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান এবং জেলা পুলিশ সুপার মো. নজরুল ইসলাম জানান, হাজতে থাকা অবস্থায় প্রান্ত হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে ফরিদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় এবং সেখানেই সকাল সাড়ে ৭টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মস্তিষ্কে রক্তক্ষরণ বা ব্রেন স্ট্রোকের কারণে প্রান্তর মৃত্যু হয়েছে। পুলিশের পক্ষ থেকে তার ওপর কোনো ধরনের শারীরিক আঘাত বা নির্যাতন করা হয়নি।” — মো. নজরুল ইসলাম, পুলিশ সুপার, ফরিদপুর।
কোতোয়ালি থানার ওসি মো. মাহমুদুল হাসান জানান, মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের জন্য মরদেহটি বর্তমানে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে পরবর্তী অপমৃত্যু মামলাসহ আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তবে ডিবি পুলিশের হেফাজতে নেওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে এই মৃত্যুর ঘটনাটি নিয়ে স্থানীয় এলাকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্য ও ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।

