ধানমন্ডি ৩২ নম্বরে জামায়াতের বিক্ষোভ সমাবেশ: সাংবাদিকদের ‘আওয়ামী দোসর’ আখ্যা দিয়ে বর্বর হামলা, রক্তাক্ত ৩

0
ধানমন্ডি ৩২ নম্বরে জামায়াতের বিক্ষোভ সমাবেশ: সাংবাদিকদের ‘আওয়ামী দোসর’ আখ্যা দিয়ে বর্বর হামলা, রক্তাক্ত ৩

বাংলাদেশ প্রতিবেদকঃ রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের নৃশংস হামলার শিকার হয়েছেন একাধিক গণমাধ্যমকর্মী। হামলায় অন্তত ৩ জন সংবাদকর্মী গুরুতর আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার (২৩ জুন) সকালে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোনের একটি বিক্ষোভ মিছিল পরবর্তী ব্রিফিং চলাকালে এই ন্যক্কারজনক ঘটনা ঘটে।

আহত সাংবাদিকদের মধ্যে দৈনিক সকালের মাল্টিমিডিয়া রিপোর্টার মাহফুজুর রহমান শিশির রক্তাক্ত জখম হয়েছেন। এছাড়া যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার রাব্বী সিদ্দিকী এবং দৈনিক কালবেলার সংবাদকর্মী আব্দুর রহমান ইশানও হামলার শিকার হন।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সকাল সাড়ে ৮টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় আওয়ামী লীগ বিরোধী একটি বিক্ষোভ মিছিল বের করে জামায়াতে ইসলামী। মিছিল শেষে উপস্থিত নেতাদের বক্তব্য ও ব্রিফিং চলছিল।

বক্তব্য চলাকালীন জামায়াত নেতারা গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্য করে ‘আওয়ামী লীগের দোসর’ এবং ‘ভারতীয় দালাল’ আখ্যা দিলে উপস্থিত সাংবাদিকরা এর তীব্র প্রতিবাদ জানান। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন জামায়াতের নেতাকর্মীরা। প্রতিবাদী সাংবাদিকদের ওপর অতর্কিত চড়াও হন মিছিলকারীরা।

ভুক্তভোগী সাংবাদিকরা জানান, জামায়াতের নেতাকর্মীরা কোনো কিছু বোঝার আগেই অতর্কিত হামলা চালিয়ে প্রায় ২০-২৫ জন সংবাদকর্মীকে রাস্তায় ফেলে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারতে থাকেন।

মাহফুজুর রহমান শিশির (দৈনিক সকাল) হামলায় তার মুখ ফেটে রক্ত ঝরতে দেখা যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে উদ্ধার করে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

রাব্বী সিদ্দিকী (যমুনা টিভি) ও আব্দুর রহমান ইশান (কালবেলা) তাদের দুজনকে ধরে বেধড়ক মারধর ও কিল-ঘুষি মারা হয়।

সবচেয়ে ভয়াবহ বিষয় ছিল, সাংবাদিকদের ওপর যখন এই তাণ্ডব চলছিল, তখন অদূরেই দাঁড়িয়ে ছিল পুলিশ সদস্যরা। সাংবাদিকরা মবকারীদের নিবৃত্ত করার জন্য পুলিশের সাহায্য চাইলে উপস্থিত পুলিশ সদস্যরা জানান, “ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়া ঘটনাস্থলে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।” পুলিশের এমন নিষ্ক্রিয় ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন গণমাধ্যমকর্মীরা।

এই মিছিলে জামায়াত নেতা মুস্তাফিজুর রহমান ও মুজাহিদুল ইসলাম শাহিনসহ বহু নেতাকর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। তবে সাংবাদিকদের ওপর হামলার এই ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত’ বলে দাবি করেছেন ধানমন্ডি থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য মুজিবুর রহমান খান।

তিনি দায় এড়ানোর সুরে সাংবাদিকদের বলেন “আমাদের কর্মসূচিতে বহিরাগতরা ঢুকে গিয়ে এমন অনাকাঙ্ক্ষিত কাজ করতে পারে। দলগতভাবে সাংবাদিকদের ওপর হামলার কোনো নির্দেশনা ছিল না।”

এই ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বিভিন্ন সাংবাদিক সংগঠন। তারা অবিলম্বে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।