কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভায় পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা ও আধুনিক স্যানিটেশন সুবিধা নিশ্চিত করতে গৃহীত প্রায় ১ কোটি ২০ লাখ টাকার ফিক্যাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এফএসটিপি) প্রকল্প এক একর জমির অভাবে বাস্তবায়ন করা যাচ্ছে না। ফলে পরিবেশ সুরক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ এ প্রকল্পটি অনিশ্চয়তার মুখে পড়েছে।
পৌরসভা সূত্রে জানা যায়, পানি সরবরাহ ও স্যানিটেশন উন্নয়ন প্রকল্পের আওতায় ইতোমধ্যে ৬ লাখ লিটার ধারণক্ষমতার ওভারহেড জলাধার, ৩৭ কিলোমিটার পাইপলাইন, ৩টি উৎপাদন নলকূপ, প্রায় ৩ কিলোমিটার ড্রেন এবং ৭৫০টি স্বাস্থ্যসম্মত টয়লেট নির্মাণ করা হয়েছে। এছাড়া মানব বর্জ্য সংগ্রহের জন্য দুটি ভ্যাকুয়াম ট্রাকও সরবরাহ করা হয়েছে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে সেপটিক ট্যাংক থেকে সংগ্রহ করা মানব বর্জ্য বৈজ্ঞানিক পদ্ধতিতে শোধন করা হবে। একই সঙ্গে উৎপাদিত কঠিন বর্জ্য জৈব সার হিসেবে ব্যবহারের সুযোগ সৃষ্টি হবে, যা পরিবেশ দূষণ কমানোর পাশাপাশি কৃষি জমির উর্বরতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।
কমলগঞ্জ পৌরসভার প্রকৌশলী মো. বেলাল হোসেন বলেন- এক একর জমির অভাবে কোটি টাকার এ প্রকল্পটি ঝুলে আছে। জমি না পেলে পৌরবাসী এর সুফল থেকে বঞ্চিত হবেন।
উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায় বলেন- শোধনাগার থেকে উৎপাদিত জীবাণুমুক্ত জৈব সার মাটির স্বাস্থ্য ও উর্বরতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান- প্রয়োজনীয় এক একর জমি পাওয়া গেলে দ্রুত প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করা হবে।
এদিকে স্থানীয়দের দাবি, ধলাই নদীর তীরবর্তী সরকারি খাস জমি ব্যবহার করে দ্রুত প্রকল্পটি বাস্তবায়ন করা হলে কমলগঞ্জ পৌরসভা একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব নগরীতে পরিণত হবে।

