জয়নাল আবেদীন: প্রাথমিক বিদ্যালয়ের তিন শ্রেণীর মোট ১৩ জন শিক্ষার্থীকে নিয়ে একই শ্রেণিকক্ষে একসঙ্গে পাঠদান করার চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে । আর এই ঘটনা রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার পূর্ব ইচলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
অভিযোগ রয়েছে শিক্ষার্থীদের উপস্থিতি সংকট, পাঠদানে দুর্বলতা ও প্রশাসনিক অব্যবস্থাপনার ফলে উপজেলার সিংহভাগ প্রাথমিক বিদ্যালয়গুলোতে একই অবস্থা বিরাজ করছে । অভিভাবকদের অভিযোগ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা বেগম ময়না ও তার সহকারী শিক্ষক বোন মকসুদা বেগম পাখির দায়িত্বে অবহেলা এবং অনিয়মের কারণেই বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ দিন দিন অবনতির দিকে যাচ্ছে।গত সোমবার সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, তৃতীয় শ্রেণিতে উপস্থিত রয়েছে ৩ জন চতুর্থ শ্রেণিতে ৪ জন এবং পঞ্চম শ্রেণিতে ৬ জন শিক্ষার্থী। আর এই ১৩ জন শিক্ষার্থীকে নিয়ে একই শ্রেণিকক্ষে একসঙ্গে পাঠদান করাচ্ছেন সহকারী শিক্ষক মোশাররফ হোসেন। এদিকে প্রধান শিক্ষক মাহমুদা বেগম সকালে বিদ্যালয়ে এসে হাজিরা খাতায় স্বাক্ষর করে রংপুরে চলে যান। অপরদিকে তার বোন সহকারী শিক্ষক মকসুদা বেগম পাখি দুপুর ২টার দিকে ব্যাংকের কাজের কথা বলে বিদ্যালয় ত্যাগ করেন। অন্য দুই শিক্ষক আরাফাত রহমান ও গোলাম মোর্শেদ জামিল ছুটিতে থাকায় পুরো বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম একজন শিক্ষকের ওপর পড়ে। এদিকে একজন শিক্ষক দিয়ে তিনটি শ্রেণির পাঠদান কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে শিক্ষার্থীরা প্রয়োজনীয় শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতি চললেও কার্যকর তদারকি না থাকায় সমস্যাগুলো আরও প্রকট হয়ে উঠেছে।
”এ বিষয়ে গঙ্গাচড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শায়লা জেসমিন সাংবাদিকদের বলেন অঅপনাদেও অভিযোগ তদন্ত করে দেখা হবে। তদন্তে দায়িত্বে অবহেলা বা অনিয়মের সত্যতা পাওয়া গেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

