বাংলাদেশ প্রতিবেদকঃ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ‘আয়নাঘরের’ সেই টর্চার চেয়ারেই ‘ইলেকট্রিক শক’ দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তৈরি গোপন বন্দিশালা বা ‘আয়নাঘরে’ বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীদের ওপর অমানুষিক নির্যাতনের তীব্র ক্ষোভ উগরে দিয়ে তিনি এই দাবি করেন।
মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে রানু এসব কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এই অধিবেশন অনুষ্ঠিত হয়।
বক্তব্যের এক পর্যায়ে শেখ হাসিনার শাসনামলের টর্চার সেল ‘আয়নাঘর’-এর প্রসঙ্গ টানেন এমপি রানু। তিনি বলেন “কিছুদিন আগে একটা আয়নাঘর দেখলাম। সেই আয়নাঘরে একটা নির্দিষ্ট চেয়ার দেখলাম, যেখানে বিরোধী দলের নেতাদের আটকে রেখে ইলেকট্রিক শক দেওয়া হতো। আমার দাবি— শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ওই চেয়ারে বসাইয়া-শোয়াইয়া তাকেও ইলেকট্রিক শক দেওয়া হোক।”
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করে রানু বলেন, তার নির্বাচনি এলাকা ফেনীর ১১ জন তরুণ এই আন্দোলনে প্রাণ হারিয়েছেন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর শহীদ পরিবারের সদস্যরা তার সঙ্গে দেখা করে কান্নায় ভেঙে পড়েন এবং বিগত সরকারের পুলিশ ও আদালতের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ জানান।
শহীদ পরিবারের উদ্ধৃতি দিয়ে তিনি সংসদে বলেন, “তারা আমাকে বলেছে— ‘আমরা আপনাদের কাছে কিছু চাই না, শুধু আমাদের সন্তান হত্যার বিচার চাই। আপনি সংসদে এই কথাটি তুলবেন’।”
বিরোধী দলগুলোর প্রতি জোরালো ঐক্যের আহ্বান জানিয়ে রেহানা আক্তার রানু এক হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, “আমাদের মধ্যে যদি অনৈক্য তৈরি হয়, আর আল্লাহ না করুক— সেই দানব হাসিনা যদি আবার ফিরে আসে, তবে যারা আন্দোলনে ফেসবুকের প্রোফাইল লাল করেছিলেন, তাদের সবার জীবন সে কালো করে ছাড়বে।”
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে সমর্থন জানিয়েও দেশের অর্থনৈতিক সংস্কার নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি ও নতুন প্রস্তাব উত্থাপন করেন এই এমপি: জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) দুর্নীতি ও অনিয়ম দূর করতে অবিলম্বে ‘সার্জিক্যাল অপারেশন’ বা আমূল পরিবর্তনের দাবি জানান। ব্যাংক খাতের তারল্য সংকট কাটাতে লুটেরাদের সব সম্পত্তি নিলামে বিক্রি করে সাধারণ আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার তাগিদ দেন।
ফেনী অঞ্চলের উন্নয়নে মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন, ফ্লাইওভার নির্মাণ, গ্যাস সংযোগ সম্প্রসারণ এবং স্বল্প আয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড কর্মসূচি দ্রুত চালুর দাবি জানান তিনি।

