বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার

0
বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার

কূটনৈতিক প্রতিবেদকঃ ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ চূড়ান্ত হওয়ার আবহে এবার দ্বিপাক্ষিক কূটনীতিতে এক নতুন দিগন্তের সূচনা হলো। সরকারি সফরে গণচীন সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেশটির রাজধানী বেইজিংয়ে উষ্ণ ও জাঁকজমকপূর্ণ ‘লাল গালিচা সংবর্ধনা’ এবং ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়েছে।

বুধবার (২৪ জুন) স্থানীয় সময় বিকেল ৫টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান হাই-স্পিড বুলেট ট্রেনযোগে বেইজিংয়ের চাউমিং রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালে তাঁদের এই রাষ্ট্রীয় সম্মাননা জানানো হয়।

স্টেশনে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং চীন সরকারের উচ্চপর্যায়ের এক কূটনৈতিক প্রতিনিধিদল। সেখানে সুসজ্জিত সেনাদলের গার্ড অব অনার পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীকে বিশেষ মোটর শোভাযাত্রা সহকারে চীনের ঐতিহ্যবাহী রাষ্ট্রীয় অতিথি ভবন ‘দিয়াওইউতাই গেস্ট হাউস’-এ নিয়ে যাওয়া হয়। সফরকালে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা এই গেস্ট হাউসেই অবস্থান করবেন।

এর আগে দুপুর ১টা ৫৮ মিনিটে চীনের দালিয়ান উত্তর রেলওয়ে স্টেশন থেকে বেইজিংয়ের উদ্দেশে বুলেট ট্রেনে যাত্রা করেন প্রধানমন্ত্রী। তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন, ড. খলিলুর রহমান, পররাষ্ট্রমন্ত্রী। অনিন্দ্য ইসলাম অমিত, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। মাহদী আমিন, বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা। ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা। আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব। জাহিদুল ইসলাম রনি, ডেপুটি প্রেস সেক্রেটারি।

বেইজিংয়ে পৌঁছানোর আগে, বুধবার সকালে প্রধানমন্ত্রী চীনের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত ‘১৭তম অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নস’ (যা গ্রীষ্মকালীন দাভোস নামে পরিচিত) এর বার্ষিক সভায় যোগ দেন।

সম্মেলনে দেওয়া বিশেষ বক্তৃতায় প্রধানমন্ত্রী তারেক রহমান বৈশ্বিক জলবায়ু সহনশীলতা তৈরিতে আন্তর্জাতিক অংশীদারিত্ব, প্রযুক্তি বিনিময়, অর্থায়ন এবং যৌথ অঙ্গীকারের ওপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেন।

সম্মেলনের সাইডলাইনে বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও আলোইস জভিংগি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি বাংলাদেশের নতুন নেতৃত্ব ও অর্থনৈতিক ভাবনার প্রশংসা করেন এবং সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিতব্য আগামী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মূল বার্ষিক সম্মেলনে অংশগ্রহণের জন্য প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান।

গত সোমবার (২২ জুন) মালয়েশিয়ায় দুই দিনের অত্যন্ত সফল দ্বিপাক্ষিক সফর শেষ করে চীনের দালিয়ানে পৌঁছান প্রধানমন্ত্রী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর গত ১৭ ফেব্রুয়ারি সরকারপ্রধানের দায়িত্ব নেওয়ার পর এটিই তাঁর প্রথম বিদেশ সফর। এই সফরের মধ্য দিয়ে দক্ষিণ-পূর্ব ও পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে বাংলাদেশের কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

দীর্ঘ আট মাসের সংলাপ ও মতৈক্য প্রক্রিয়ার মধ্য দিয়ে দেশের রাজনৈতিক স্থিতিশীলতার অংশ হিসেবে চূড়ান্ত হওয়া ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ স্বাক্ষরের পর প্রধানমন্ত্রীর এই প্রথম চীন সফর আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নতুন ভূ-রাজনীতি ও অর্থনৈতিক কূটনীতির ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।