মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের শিবচর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে জেলা পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, মাদারীপুরের পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সংশ্লিষ্ট ইউনিটের সমন্বয়ে মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে বুধবার (২৪ জুন) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে শিবচর উপজেলার পাচ্চর ইউনিয়নের বাহাদুরপুর খানাকান্দি এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে একটি বসতবাড়ির সামনের উঠান এলাকা থেকে ২৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।
পুলিশের তথ্যমতে, উদ্ধার করা ট্যাবলেটগুলোর আনুমানিক মূল্য প্রায় ৮৫ হাজার ৫০০ টাকা। জেলা পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রযোজ্য আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়, মাদক, কিশোর অপরাধ, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।

