রাজশাহী প্রতিনিধিঃ নির্যাতন প্রতিরোধ শুধু আইন প্রণয়নের বিষয় নয়, বরং এটি রাষ্ট্রীয় ন্যায়বিচার, মানবাধিকার ও গণতান্ত্রিক শাসনব্যবস্থার অন্যতম ভিত্তি। ভুক্তভোগীদের ন্যায়বিচার, ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিত করার পাশাপাশি নির্যাতনবিরোধী আন্তর্জাতিক কনভেনশন ও এর অপশনাল প্রোটোকলের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানিয়েছেন মানবাধিকারকর্মীরা।
বৃহস্পতিবার (২৬ জুন) সকালে রাজশাহী নগরীর অলকার মোড়ে চেম্বার ভবনের সামনে আন্তর্জাতিক নির্যাতনের শিকার ব্যক্তিদের সমর্থন দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব দাবি জানান।
মানবাধিকার সংগঠন অধিকার রাজশাহী জেলা ও মহানগর শাখার উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে শতাধিক সাংবাদিক, সামাজিক ও মানবাধিকারকর্মী, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং অধিকার-এর কর্মীরা অংশ নেন। এছাড়া বিগত সরকারের আমলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্যাতনের শিকার ব্যক্তিরাও এতে উপস্থিত ছিলেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন অধিকার-এর রাজশাহী সমন্বয়ক ও সাংবাদিক মঈন উদ্দিন। সঞ্চালনা করেন সংগঠনের কর্মী হাবিবুল্লাহ মোহাম্মদ কাওসারী।
এ সময় বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও সমাজকর্মী ইফতিখারুল আলম মাসঊদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন, রাজশাহী সংবাদ ইউনিয়নের সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত, মানবাধিকারকর্মী ও সাংবাদিক মোঃ মাসুদ রানা রাব্বানী সহ অনেকে। অধিকার-এর পক্ষে বিবৃতি পাঠ করেন মানবাধিকারকর্মী সানজিদা ইসলাম।
বক্তারা বলেন, ১৯৮৪ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ নির্যাতন এবং অন্যান্য নিষ্ঠুর, অমানবিক ও মর্যাদাহানিকর আচরণের বিরুদ্ধে আন্তর্জাতিক সনদ গ্রহণ করে। ১৯৮৭ সালের ২৬ জুন এটি কার্যকর হওয়ার পর থেকে জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর দিবসটি পালিত হয়ে আসছে।
তারা বলেন, বাংলাদেশ ১৯৯৮ সালের ৫ অক্টোবর নির্যাতনের বিরুদ্ধে জাতিসংঘের কনভেনশনে স্বাক্ষর করে। পরবর্তীতে ২০১৩ সালে ‘নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন’ প্রণয়ন হলেও বাস্তবে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের জবাবদিহির অভাবে নির্যাতন বন্ধ হয়নি।
বক্তারা অভিযোগ করেন, বিগত সরকারের সময়ে বিরোধী রাজনৈতিক নেতা-কর্মী, ভিন্নমতাবলম্বী ও সাধারণ নাগরিকদের গুম, বিচারবহির্ভূত হত্যাকা-, নির্যাতন ও হয়রানির শিকার হতে হয়েছে।
তারা আরও বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার ওপর দমন-পীড়নের ঘটনা রাষ্ট্রীয় নির্যাতনের ভয়াবহ চিত্র তুলে ধরেছে। পরবর্তীতে অন্তর্বর্তী সরকার বিচার বিভাগ, মানবাধিকার কমিশন, গুম প্রতিরোধ ও দুর্নীতি দমনসহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নিলেও কয়েকটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ কার্যকর না হওয়ায় সংস্কার প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, নির্যাতন প্রতিরোধে শুধু আইন করলেই হবে না; প্রয়োজন স্বাধীন প্রতিষ্ঠান, রাজনৈতিক সদিচ্ছা এবং জবাবদিহিমূলক শাসনব্যবস্থা। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে ভুক্তভোগীদের ন্যায়বিচার, ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিত করতে হবে।
মানববন্ধন থেকে বাতিল হওয়া গুরুত্বপূর্ণ অধ্যাদেশের আলোকে কার্যকর আইন প্রণয়ন ও জাতীয় সংসদে তা পাস করা, একটি স্বাধীন ও কার্যকর জাতীয় মানবাধিকার কমিশন গঠন এবং নির্যাতনবিরোধী আন্তর্জাতিক কনভেনশন ও অপশনাল প্রোটোকলের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানানো হয়।
শেষে নির্যাতনের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের প্রতি সংহতি প্রকাশ করে মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

