কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় মঙ্গলসুখ প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী প্রিয়াঙ্কা মন্ডলের উপবৃত্তির টাকা আত্মসাৎ ও সিমকার্ড আটকে রেখে প্রতারনার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় নিজাম উদ্দিন নামের এক ব্যাক্তির বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে। উপবৃত্তির টাকা ও সিম কার্ডটি ফেরতসহ সু-বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছে শিক্ষার্থীর অসহায় পরিবার।
জানা যায়, শিক্ষার্থী প্রিয়াঙ্কা মন্ডলের অসহায় পিতা সুজন মন্ডল একজন মাছ বিক্রেতা। স্থানীয় বাজারে মাছ বিক্রি করে কোন মতে সংসার চালায়। মেয়েকে লেখাপড়া করানোর মতো সামর্থ্য তার নেই। তবুও, মানুষের সাহায্য নিয়ে স্থানীয় মঙ্গসুখ প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া চালিয়ে আসছিলো। স্থানীয় নিজাম উদ্দিন এবং তার স্ত্রী প্রিয়াঙ্কাকে ফ্রীতে প্রাইভেট পড়ানোর আশ্বাস দেয়। শিক্ষার্থীর পরিবারকে ফুসলিয়ে উপবৃত্তির সিমকার্ড তাদের নিজের নামে করে এবং তা নিজের কাছে আটকে রাখে। কিছুদিন পরে ওই শিক্ষার্থীকে প্রাইভেট পড়ানো বন্ধ করে কিন্তু উপবৃত্তির সিমকার্ড ফেরত দেয়া নিয়ে বিভিন্ন ধরনের টালবাহানা শুরু করে করে। এমনকি উপবৃত্তির তিনবারের টাকাও তারা আত্মসাৎ করেছে বলে শিক্ষার্থীর পরিবার জানায়। নিজেকে উকিল পরিচয়দানকারী নিজাম উদ্দিনের বিরুদ্ধে শিক্ষার্থীর উপবৃত্তির টাকা আত্মসাৎ ছাড়াও বয়স্কভাতার জন্য টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ করেছেন অপর এক ভুক্তভোগী বাসুদেব দত্ত। তার স্ত্রী মমতা রানীর (৬৩) নামে বয়স্ক ভাতা করে দেয়ার জন্য টাকা হাতিয়ে নিয়েছে। এখন কারো ফোন রিসিভ করেন না অভিযুক্ত নিজাম উদ্দিন। প্রতিকারের জন্য দ্বারে দ্বারে ঘুরছে শিক্ষার্থীর পরিবারসহ ভুক্তভোগীরা।
ভুক্তভোগী শিক্ষার্থী প্রিয়াঙ্কা’র পিতা সুজন মন্ডল বলেন, নিজাম উদ্দিন তার মেয়েকে প্রাইভেট পড়ানোর আশ্বাস দেয়। কিন্তু কিছুদিন পড়ানোর পরে তা বন্ধ করে দেয়। এখন তার মেয়ে প্রিয়াঙ্কার সিমকার্ড আটকে রেখে উপবৃত্তির টাকা আত্মসাৎ করেছে বলে তিনি জানান।
এবিষয়ে জানার জন্য নিজাম উদ্দিনের মুঠোফোনে একাধিকবার কল করলেও তাকে পাওয়া যায়নি।
কলাপাড়া প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিদা বেগম বলেন, শিক্ষার্থী প্রিয়াঙ্কা’র অভিভাবক লিখিত অভিযোগ করলে পরবর্তী সংশোধনী কার্যক্রমের সময়ে ওই সিমকার্ডটি বন্ধ করে নতুন সিমকার্ড নাম্বার যুক্ত করে উপবৃত্তি পাওয়ার ব্যবস্থা করা যাবে বলে তিনি জানান।

