ক্রীড়া ডেস্কঃ বিশ্বকাপের দামামা বেজেছিল অনেক আগেই। যৌথ আয়োজক তিন দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার ১৬টি ভেন্যুতে বসেছে ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল মহাযজ্ঞ। শুরুর সেই উত্তাপে কেঁপেছিল বিশ্বজুড়ে কোটি ফুটবলপ্রেমীদের হৃদয়, রঙে রঙিন হয়েছিল শহর থেকে গ্রাম। দেখতে দেখতে শেষ হয়ে গেল প্রথম পর্বের শ্বাসরুদ্ধকর লড়াই। কারও সোনালী স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে গ্রুপ পর্বের জটিল সমীকরণে, আবার কেউ বুকভরা আশা নিয়ে পা রেখেছে নতুন এক মহাযুদ্ধে।
ইতিহাসে প্রথমবারের মতো ৪৮ দলের এই মেগা আসর থেকে প্রথম পর্বেই বিদায় নিয়েছে ১৬টি দল। আর ট্রফির স্বপ্ন বাঁচিয়ে রেখে মূল নকআউটে পা রেখেছে ৩২টি পরাশক্তি।
পুরো টুর্নামেন্টের মোট ১০৪টি ম্যাচের মধ্যে ইতিমধ্যে শেষ হয়েছে প্রথম পর্বের উত্তেজনাকর ৭২টি ম্যাচ (মূল নিউজের ৭০টি তথ্যটি সংশোধিত)।
গ্রুপ পর্বে পয়েন্ট টেবিলের হিসাব বা ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকলেও নকআউটে এসে ‘ভুল’ শব্দটির কোনো ক্ষমা নেই। এখন থেকে প্রতিটি ম্যাচই এক একটি ‘ডু অর ডাই’ বা বাঁচা-মরার লড়াই। রেফারির শেষ বাঁশি বাজতেই একদল মাতবে নতুন ইতিহাস গড়ার উল্লাসে, অন্যদল ডুববে কোটি সমর্থকের হৃদয় ভাঙার কান্নায়।
গ্রুপ পর্বের শেষ দিকে তৈরি হয়েছে নানা রোমাঞ্চকর গল্প। টুর্নামেন্টের অন্যতম আন্ডারডগ আলজেরিয়া ও অস্ট্রিয়া শেষ ম্যাচে দুর্দান্ত ড্র করে নিজেদের নকআউটের টিকিট নিশ্চিত করেছে। বিশেষ করে আলজেরিয়া বনাম অস্ট্রিয়ার গোলবন্যা দেখা ৩-৩ ড্রয়ের ম্যাচটি গ্রুপ পর্বের অন্যতম সেরা নাটকীয় ম্যাচ হিসেবে ফুটবল ভক্তদের মনে থাকবে। অন্যদিকে এশিয়ার অন্যতম শক্তিশালী দল ইরান শেষ মুহূর্তে এসে ৩ ম্যাচ থেকে মাত্র ২ পয়েন্ট নিয়ে স্বপ্নভঙ্গের বেদনায় টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে।
এদিকে ফুটবল পণ্ডিতদের সেই চিরন্তন সমীকরণ আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল—’গ্রুপের সব ম্যাচ জিতলেই কিন্তু বিশ্বকাপ জেতে না আর্জেন্টিনা!’ ফুটবল ইতিহাস ঘাটলে দেখা যায়, আর্জেন্টিনা যখনই গ্রুপ পর্বে সব ম্যাচ দাপটের সাথে জিতেছে, নকআউটে গিয়ে বড় ধাক্কা খেয়েছে। তবে এবার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আলবিসেলেস্তেরা রাউন্ড অব ৩২-এ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে আফ্রিকার নবাগত দল কেপ ভার্দে -কে। লিওনেল মেসির দলের জন্য নকআউটের এই প্রথম বাধা পার হওয়া নতুন এক কৌশলের পরীক্ষা।
আজ (২৯ জুন) রাত থেকেই আনুষ্ঠানিকভাবে মাঠে গড়াচ্ছে নকআউটের মূল রোমাঞ্চ। উদ্বোধনী ম্যাচেই লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে ঘরের মাঠের দর্শকদের সামনে পরীক্ষা দিতে নামবে স্বাগতিক কানাডা, যেখানে তাদের প্রতিপক্ষ লড়াকু ফুটবল খেলা দক্ষিণ আফ্রিকা। এর ঠিক পরপরই টেক্সাসের হিউস্টন স্টেডিয়ামে মাঠে নামবে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল; সেলেসাওদের প্রতিপক্ষ এশিয়ান পরাশক্তি গতিময় জাপান। প্রতিটি দিনই এখন ফুটবল ভক্তদের জন্য একেকটি হাইভোল্টেজ থ্রিলার উপহার দিতে প্রস্তুত।
এক নজরে দেখে নেয়া যাক রাউন্ড অব ৩২ এর ফিক্সচার: ২৯/৬/২০২৬ কানাডা-দক্ষিণ আফ্রিকা (দিবাগত রাত ১টা), ব্রাজিল-জাপান (রাত ১১টা)
৩০/৬/২০২৬ জার্মানি-প্যারাগুয়ে (দিবাগত রাত ২টা ৩০ মিনিট), নেদারল্যান্ডস-মরক্কো (সকাল ৭টা), আইভোরিকোস্ট-নরওয়ে (রাত ১১টা)
১/৭/২০২৬ ফ্রান্স-সুইডেন (দিবাগত রাত ৩টা), মেক্সিকো-ইকুয়েডর (সকাল ৭টা), ইংল্যান্ড-ডিআর কঙ্গো (রাত ১০টা)
২/৭/২০২৬ বেলজিয়াম-সেনেগাল (দিবাগত রাত ২টা), যুক্তরাষ্ট্র-বসনিয়া অ্যান্ড হারজেবগোভিনা (ভোর ৬টা)
৩/৭/২০২৬ স্পেন- অস্ট্রিয়া (দিবাগত রাত ১টা), পর্তুগাল-ক্রোয়েশিয়া (ভোর ৫টা), সুইজারল্যান্ড-আলজেরিয়া (সকাল ৯টা)
৪/৭/২০২৬ অস্ট্রেলিয়া-মিশর (দিবাগত রাত ১২টা), আর্জেন্টিনা-কেপ ভার্দে (দিবাগত রাত ৪টা), কলম্বিয়া-ঘানা (সকাল ৭টা ৩০ মিনিট)

