চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ কুমিল্লার চৌদ্দগ্রামে গভীর প্রেমের সম্পর্কের ভয়ংকর ও রক্তাক্ত পরিণতি ঘটেছে। বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গ ও গর্ভপাতের ক্ষোভ থেকে প্রেমিকা নাইমা জাহানের (২১) ধারালো ছুরির আঘাতে খুন হয়েছেন সাইয়েদ আবদুল্লাহ সিয়াম (২৪) নামের এক যুবক।
আজ সোমবার (২৯ জুন) ভোররাতে চৌদ্দগ্রাম পৌর এলাকার লক্ষ্মীপুর গ্রামে নিহতের পুরনো বাড়িতে এই রোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে রক্তমাখা ছুড়িসহ ঘাতক প্রেমিকা নাইমা এবং হত্যাকাণ্ডের সময় ঘরে উপস্থিত থাকা সিয়ামের ঘনিষ্ঠ বন্ধু আরিয়ান খান মাহিদকে (২২) আটক করেছে।
নিহত সিয়াম লক্ষ্মীপুর গ্রামের হাজী এনামুল হকের বড় ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোবাইল ফোনের মাধ্যমে সিয়াম ও নাইমার পরিচয় এবং পরবর্তীতে তা গভীর প্রেমের সম্পর্কে রূপ নেয়।
আটককৃত নাইমা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার লোমহর্ষক নেপথ্য কাহিনী স্বীকার করেছেন। প্রেমের সম্পর্কের জেরে তারা একাধিকবার ঢাকার বিভিন্ন আবাসিক হোটেলে রাত্রীযাপন করেন। সম্প্রতি নাইমা তিন মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে সিয়াম জোরপূর্বক তার গর্ভের সন্তান নষ্ট (অ্যাবরশন) করান।
গর্ভপাতের পর নাইমা বিয়ের জন্য মরিয়া হয়ে চাপ দিলে সিয়াম ক্রমাগত টালবাহানা করতে থাকেন। উল্টো নাইমাকে ২০ হাজার টাকা জোগাড় করে লক্ষ্মীপুরের বাড়িতে আসার জন্য চাপ দেন তিনি।
টাকা জোগাড় করতে না পারলেও সম্পর্কের টানাপোড়েনের ইতি টানতে গতকাল রবিবার (২৮ জুন) রাতে নাইমা লক্ষ্মীপুর গ্রামে সিয়ামের পুরনো বাড়িতে আসেন। সেখানে সিয়াম, নাইমা এবং সিয়ামের বন্ধু আরিয়ান একই কক্ষে রাত্রিযাপন করেন।
আজ সোমবার ভোরে সিয়াম হঠাৎ নাইমাকে বাড়ি থেকে চলে যাওয়ার জন্য নির্দেশ দিলে দুজনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষোভে ফেটে পড়ে নাইমা ঘরে থাকা একটি ধারালো ছুরি দিয়ে সিয়ামের পেটে সজোরে আঘাত করেন। সিয়ামের আর্তচিৎকারে বন্ধু আরিয়ান ও আশপাশের প্রতিবেশীরা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় সিয়ামকে পড়ে থাকতে দেখেন। স্থানীয়রা তাৎক্ষণিক নাইমা ও আরিয়ানকে ঘরে আটকে রেখে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে চৌদ্দগ্রাম মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত দুজনকে হেফাজতে নেয়।
“হত্যাকাণ্ডে ব্যবহৃত মূল আলামত (ছুরি) উদ্ধার করা হয়েছে। মূল অভিযুক্ত নাইমা জাহানকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং বন্ধু আরিয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।” — আরিফ হোছাইন, ওসি, চৌদ্দগ্রাম থানা
চৌদ্দগ্রাম মডেল থানার উপপরিদর্শক (এসআই) সামছুল আরেফিন জানিয়েছেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এই ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্য ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

