‘ভিসা বন্ড’ ও সোশ্যাল মিডিয়া নজরদারি: যুক্তরাষ্ট্রের নতুন নীতিতে বাংলাদেশিদের জন্য বড় ধাক্কা, ইমিগ্র্যান্ট ভিসায় ‘পজ’

0
'ভিসা বন্ড' ও সোশ্যাল মিডিয়া নজরদারি: যুক্তরাষ্ট্রের নতুন নীতিতে বাংলাদেশিদের জন্য বড় ধাক্কা, ইমিগ্র্যান্ট ভিসায় 'পজ'

আন্তর্জাতিক ডেস্কঃ বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য ২০২৬ সালের শুরু থেকে নিজেদের ভিসা নীতিতে নজিরবিহীন কড়াকড়ি ও বড় ধরনের পরিবর্তন এনেছে মার্কিন যুক্তরাষ্ট্র। নতুন এই ‘প্রেসিডেন্সিয়াল প্রোক্ল্যামেশন’-এর আওতায় শুধু যে আবেদন প্রক্রিয়া জটিল করা হয়েছে তা নয়, যুক্ত করা হয়েছে মোটা অঙ্কের জামানত ও সামাজিক যোগাযোগমাধ্যমে কঠোর নজরদারির মতো কড়া শর্ত।

সবচেয়ে বড় ধাক্কা এসেছে ইমিগ্র্যান্ট (স্থায়ী অভিবাসন) ও গ্রিন কার্ড প্রত্যাশীদের ওপর। মার্কিন করদাতাদের খরচে সরকারি সুবিধা বা জনকল্যাণমূলক তহবিল (Public Assistance) ব্যবহারের উচ্চ ঝুঁকির কারণ দেখিয়ে বাংলাদেশসহ নির্দিষ্ট দেশগুলোর জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে স্থগিত বা ‘পজ’ (Pause) করে দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর (ডিার্টমেন্ট অব স্টেট)।

বাংলাদেশি নাগরিকদের জন্য ট্যুরিস্ট ও ব্যবসায়িক (B1/B2) ভিসা কার্যক্রম চালু থাকলেও যোগ হয়েছে আকাশচুম্বী আর্থিক শর্ত। নতুন নিয়ম অনুযায়ী ঢাকার মার্কিন দূতাবাসে সাক্ষাৎকারের পর কোনো আবেদনকারীকে ভিসার জন্য যোগ্য মনে করা হলে, তাকে সর্বোচ্চ ১৫,০০০ মার্কিন ডলার (প্রায় ১৮ লাখ টাকা) পর্যন্ত ‘ভিসা বন্ড’ বা আর্থিক নিশ্চয়তা জামানত হিসেবে জমা দিতে হতে পারে। কনস্যুলার কর্মকর্তার নির্দেশনা পাওয়ার আগে বা কোনো তৃতীয় পক্ষের মাধ্যমে এই বন্ডের টাকা জমা দেওয়া যাবে না। বন্ডের টাকা সম্পূর্ণ পরিশোধ না করা পর্যন্ত B1/B2 ভিসা ইস্যু করা হবে না।

নিরাপত্তা যাচাই (Vetting) প্রক্রিয়া জোরদার করতে নন-ইমিগ্র্যান্ট ভিসার আবেদনকারীদের জন্য নতুন নিয়ম চালু করা হয়েছে। শিক্ষার্থী (F ও M ভিসা), উচ্চদক্ষ কর্মী (H1-B), এক্সচেঞ্জ ভিজিটর (J) এবং কর্মসংস্থানভিত্তিক নন-ইমিগ্র্যান্ট ভিসার আবেদনকারীদের তাদের সব ধরনের সামাজিক যোগাযোগমাধ্যম (Social Media) অ্যাকাউন্ট ‘পাবলিক’ বা ‘ওপেন’ রাখতে বলা হয়েছে, যাতে মার্কিন কর্তৃপক্ষ সহজেই তা যাচাই করতে পারে।

যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রচলিত ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ বা কোর্স শেষ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকাল থাকার সুবিধাটি বাতিল করার চূড়ান্ত নীতিগত অনুমোদন দিয়েছে হোয়াইট হাউস। নতুন নিয়মে শিক্ষার্থীদের সর্বোচ্চ ৪ বছরের জন্য নির্দিষ্ট মেয়াদী ভিসা দেওয়া হবে। এই সময়ের মধ্যে পড়াশোনা শেষ না হলে, দেশটিতে অবস্থান দীর্ঘায়িত করতে অভিবাসন কর্তৃপক্ষের (DHS) কাছে নতুন করে মেয়াদ বাড়ানোর কঠিন প্রশাসনিক প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। পড়াশোনা শেষে দেশে ফেরার প্রস্তুতির সময় (Grace Period) ৬০ দিন থেকে কমিয়ে ৩০ দিন করা হয়েছে।

ইমিগ্র্যান্ট বা স্থায়ী বসবাসের আবেদন নিষ্পত্তিতে কড়াকড়ি আরোপ করা হলেও ঢাকার মার্কিন দূতাবাস গত ১ জুন থেকে ‘টু-ডে প্রসেসিং’ (দুই দিনের প্রক্রিয়া) চালু করেছে।

আবেদনকারীদের National Visa Center (NVC) নির্ধারিত সময়ে এসে নথিপত্র জমা, আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) ও ছবি তুলতে হবে। কাগজপত্র অসম্পূর্ণ থাকলে ইন্টারভিউ রি-শিডিউল করতে হবে। নথিপত্র যাচাই শেষে কোনো ঘাটতি না থাকলে একই সপ্তাহের নির্দিষ্ট দিনে কনস্যুলার কর্মকর্তার সাথে চূড়ান্ত সাক্ষাৎকার (ইন্টারভিউ) অনুষ্ঠিত হবে।

ঢাকার মার্কিন দূতাবাস স্পষ্ট জানিয়েছে, ইন্টারভিউয়ের তারিখের অন্তত ৭ দিন আগে অনলাইনে DS-160 ফর্মটি নিখুঁতভাবে পূরণ করে প্রোফাইল আপডেট করতে হবে। আবেদনপত্রে যেকোনো তথ্যগত ভুল, অসম্পূর্ণ কাগজপত্র, কিংবা আয়ের উৎসের অসঙ্গতি থাকলে কোনো প্রকার ছাড় না দিয়ে সরাসরি আবেদন বাতিল করা হচ্ছে। তাই আবেদন করার আগে মার্কিন দূতাবাসের অফিশিয়াল ওয়েবসাইটের সর্বশেষ গাইডলাইন অনুসরণের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।