অর্থনৈতিক প্রতিবেদকঃ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন দেশের অন্যতম শীর্ষ ও চৌকস কর কর্মকর্তা আহসান হাবিব। কর ফাঁকি রোধ এবং অভ্যন্তরীণ রাজস্ব আদায়ে গতি ফেরাতে অন্তর্বর্তীকালীন সংস্কারের অংশ হিসেবে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।
বিসিএস ১৫তম ব্যাচের (ট্যাক্সেশন) এই কর্মকর্তা এর আগে এনবিআরের সদস্য এবং সরকারের অত্যন্ত সংবেদনশীল শাখা কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালক (ডিজি) হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।
নতুন এনবিআর চেয়ারম্যান আহসান হাবিবের শিক্ষাজীবন ও পেশাগত ক্যারিয়ার অত্যন্ত গৌরবোজ্জ্বল। কর্মক্ষেত্রে মেধা ও সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তরে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেন। ১৫তম বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে তিনি নিজের ব্যাচে সামগ্রিকভাবে প্রথম স্থান অধিকার করে কর বিভাগে কর্মজীবন শুরু করেন। বর্তমানে তিনি কর বিভাগের কর্মকর্তাদের শীর্ষ সংগঠন ‘বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশন’-এর নির্বাচিত সভাপতির দায়িত্বও পালন করছেন।
কর্মজীবনে আহসান হাবিব কর অঞ্চল-১৫-এর কমিশনার হিসেবে মাঠপর্যায়ে দক্ষতার প্রমাণ দিয়েছেন। তবে সিআইসি-এর মহাপরিচালক থাকাকালীন তার নেওয়া কিছু সাহসী পদক্ষেপ অর্থনীতিতে ব্যাপক সমাদৃত হয়। তার নেতৃত্বে সিআইসি দেশের বড় বড় কর ফাঁকিবাজ, প্রভাবশালী ব্যবসায়ী ও আর্থিক অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে বেশ কয়েকটি হাই-প্রোফাইল বা আলোচিত অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করে। অবৈধ অনলাইন জুয়ার আন্তর্জাতিক চক্র ও গেমিং প্ল্যাটফর্ম ‘উল্কাগেমস’ থেকে বিপুল পরিমাণ বকেয়া কর ফাঁকি উদ্ঘাটন এবং তা রাষ্ট্রীয় কোষাগারে আদায়ে তিনি মূল মাস্টরমাইন্ড হিসেবে ভূমিকা রাখেন।
অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, ২০২৬-২৭ অর্থবছরের বিশাল বাজেট বাস্তবায়নে যখন অভ্যন্তরীণ রাজস্ব আদায় বাড়ানো সবচেয়ে বড় চ্যালেঞ্জ, তখন আহসান হাবিবের মতো একজন সৎ ও পেশাদার কর্মকর্তাকে এনবিআরের শীর্ষ পদে আনা সরকারের একটি অত্যন্ত ইতিবাচক ও সময়োপযোগী সিদ্ধান্ত।
যোগদানের পর তার মূল লক্ষ্য হবে এনবিআরকে সম্পূর্ণ ডিজিটালাইজড করা, কর হয়রানি কমানো এবং করের আওতা বাড়িয়ে দেশের রাজস্ব খাতকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করানো।

