শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার রাঙ্গাজান সীমান্ত এলাকা থেকে চোরাই পথে আনা ২৯২ পিস ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার ২৯ জুন ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধীনস্থ তাওয়াকুচা বিওপির টহলরত সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।
উদ্ধার করা ভারতীয় শাড়িগুলোর আনুমানিক বাজারমূল্য ১৭ লাখ ৫২ হাজার টাকা বলে বিজিবি সূত্রে নিশ্চিত করা হয়েছে। চোরাকারবারিরা অত্যন্ত কৌশলে এসব পণ্য পাচারের চেষ্টা করছিল, তবে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজিদ জানান, শেরপুরের আন্তর্জাতিক সীমানা সুরক্ষা ও যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সদস্যরা দিনরাত সজাগ রয়েছেন। সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধে তাদের এই নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

