জরাজীর্ণ লোহার সেতু এখন ‘মরণফাঁদে’

0
জরাজীর্ণ লোহার সেতু এখন ‘মরণফাঁদে’

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপার চর বিশ্বাস ও চর কপালবেড়া সংযোগ খালের ওপর নির্মিত সেতুটি দীর্ঘদিন সংস্কারহীন অবস্থায় পড়ে থাকায় বর্তমানে এলাকাবাসীর জন্য এক আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। জরাজীর্ণ লোহার এই সেতুটি এখন যাতায়াতের অযোগ্য হয়ে ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন এই ভাঙাচোরা সেতু দিয়ে চলাচল করছেন হাজারো মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং পণ্যবাহী যানবাহন।

জোড়াতালির মেরামত, দুর্নীতির অভিযোগ

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এর আগে সেতুটি দুই দফা সংস্কার করা হলেও নামমাত্র মেরামত, নিম্নমানের কাজ এবং দুর্নীতির কারণে তা দীর্ঘস্থায়ী হয়নি। লোহার কাঠামো ভেঙে পড়ার পর স্থানীয়ভাবে কাঠ দিয়ে কোনোমতে চলাচলের ব্যবস্থা করা হলেও বর্তমানে সেটিও ভেঙে পড়ার উপক্রম হয়েছে। ফলে সেতুটি আবারও অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

বড় দুর্ঘটনার শঙ্কা

সরেজমিনে দেখা যায়, সেতুর অনেক স্থানের কাঠ পচে গেছে এবং লোহার বিমগুলো মরিচা ধরে ক্ষয়ে গেছে। এলাকাবাসীর আশঙ্কা, দ্রুত নতুন সেতু নির্মাণ করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বিশেষ করে অসুস্থ রোগী ও শিশুদের নিয়ে এই সেতু পারাপার এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে।