গৌরীপুর প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের (তৃতীয় পর্যায়) আওতায় চারজন মৎস্যচাষীর মাঝে গৃহস্থালি পুকুরে দেশীয় ছোট মাছ চাষের জন্য বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে মাছের পোনা, মৎস্য খাদ্য, প্রকল্পের সাইনবোর্ড, শাক-সবজির বীজ, বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা এবং প্রয়োজনীয় অন্যান্য উপকরণ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমিন পাপ্পা। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা আরাফাত উদ্দীন আহম্মেদ, সিনিয়র সহকারী পরিচালক এ.এস.এস. সানোয়ার রাসেল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাফরোজা সুলতানা, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং প্রকল্পের উপকারভোগীরা।
বক্তারা বলেন, গৃহস্থালি পুকুরে দেশীয় ছোট মাছের চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি গ্রামীণ জনগোষ্ঠীর আয় বৃদ্ধি এবং জীবিকার মানোন্নয়নে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানটি আয়োজন করে গৌরীপুর উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়।

