সাঁথিয়ায় স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ: গণধোলাইয়ের ভয়ে পালালো ২ ধর্ষক, বাড়িঘর ছাই করলো জনতা

0
সাঁথিয়ায় স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ: গণধোলাইয়ের ভয়ে পালালো ২ ধর্ষক, বাড়িঘর ছাই করলো জনতা

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলায় ঘরের বাইরে থেকে অস্ত্রের মুখে জিম্মি করে ৮ম শ্রেণির এক স্কুলছাত্রীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের নৃশংস অভিযোগ উঠেছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর অপরাধীদের ওপর চরম ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ক্ষুব্ধ জনতা ইতিমধ্যেই অভিযুক্ত দুই ধর্ষকের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে এবং ব্যাপক ভাঙচুর চালিয়েছে। বর্তমানে পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (৩০ জুন) ভোরের দিকে ওই স্কুলছাত্রী প্রাকৃতিক ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হয়। ওত পেতে থাকা বিলকুলা গ্রামের দুই সন্তানের জনক মামুন (৩৪) এবং তিন সন্তানের জনক জুয়েল (৩৫) ওড়না দিয়ে মেয়েটির মুখ বেঁধে ফেলে। এরপর অস্ত্রের মুখে জিম্মি করে তাকে একটি নির্জন স্থানে তুলে নিয়ে গিয়ে পাশবিকভাবে ধর্ষণ করে।

ধর্ষণের এখানেই শেষ নয়, পাশবিকতা চালানোর সময় অভিযুক্তরা মোবাইল ফোনে ওই ছাত্রীর আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে রাখে। ঘটনাটি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দিয়ে তারা পালিয়ে যায়। পরে নির্যাতিতা ছাত্রীটি বাড়িতে ফিরে কান্নাজড়িত কণ্ঠে তার মাকে পুরো ঘটনা খুলে বলে।

নিরীহ স্কুলছাত্রীর ওপর এমন অমানবিক নির্যাতনের খবর ছড়িয়ে পড়লে পুরো গ্রামে তীব্র ক্ষোভের আগুন জ্বলে ওঠে। আইন নিজের হাতে তুলে নিয়ে বিক্ষুব্ধ এলাকাবাসী বুধবার রাতে মূল অভিযুক্ত মামুনের বাড়িতে অগ্নিসংযোগ করে। আগুনে বাড়িটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এরপর আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উত্তেজিত জনতা অপর অভিযুক্ত জুয়েলের বাড়িতে চড়াও হয়ে ব্যাপক ভাঙচুর চালায়।

এলাকায় নতুন করে বড় ধরনের সংঘর্ষ ও বিশৃঙ্খলা এড়াতে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পুরো বিলকুলা গ্রামে এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এই ঘটনায় গতকাল বুধবার (১ জুলাই) নির্যাতিতা ছাত্রীর মা বাদী হয়ে পাবনার আতাইকুলা থানায় মামুন ও জুয়েলের বিরুদ্ধে একটি ধর্ষণ ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান গণমাধ্যমকে জানান, থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ভুক্তভোগী স্কুলছাত্রীকে ডাক্তারি পরীক্ষার (মেডিকেল টেস্ট) জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই দুই সন্তানের জনক মামুন ও তিন সন্তানের জনক জুয়েল পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম সাঁড়াশি অভিযান চালাচ্ছে।

এলাকাবাসীর দাবি, দুই লম্পট ও ধর্ষককে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে, যাতে ভবিষ্যতে কোনো অবুঝ শিশুর ওপর এমন পাশবিক নির্যাতন চালানোর সাহস কেউ না পায়।