কেশবপুরে ৮ম শ্রেণির তিশার রহস্যময় মৃত্যু নেপথ্যে কি ব্ল্যাকমেইল! নাকি পারিবারিক চাপ ?

0
কেশবপুরে ৮ম শ্রেণির তিশার রহস্যময় মৃত্যু নেপথ্যে কি ব্ল্যাকমেইল! নাকি পারিবারিক চাপ?

কেশবপুর প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলার বাগদহা গ্রামে ৮ম শ্রেণির ছাত্রী ফারিয়া ইয়াসমিন তিশা (১৪) এর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনাটি ঘিরে এলাকায় রহস্যের জাল আরও ঘনীভূত হচ্ছে।

গত ৩০ জুন সন্ধ্যায় নিজ শয়নকক্ষ থেকে তিশার লাশ উদ্ধারের পর থেকেই এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো অপরাধ লুকিয়ে আছে তা নিয়ে চলছে নানা গুঞ্জন। ঘটনার পর থেকে অভিযুক্ত প্রেমিক আব্দুর রহমান নিশান এলাকা ছেড়ে গা ঢাকা দেওয়ায় এবং তিশার ব্যক্তিগত ডায়েরিতে বাবা-মার আচরণের কথা উঠে আসায় পুরো ঘটনাটি এখন টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। নেপথ্যে কি ব্ল্যাকমেইল ও অর্থ লুট? ঘটনার শুরুতে নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করতে চাইলেও, পরবর্তীতে তিশার পিতা ঠিকাদার আলমগীর হোসেন গণমাধ্যমের কাছে এক বিস্ফোরক অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, একই গ্রামের আব্দুল আহাদ মোড়লের ছেলে আব্দুর রহমান নিশান তিশার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে এবং কৌশলে তাদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করে।

আলমগীর হোসেনের অভিযোগ : বাড়ির পাশের একজন নারী ও পুরুষ নিশানের হয়ে আমার মেয়ের সব খবরাখবর তার কাছে পৌঁছে দিত। নিশান ওই অন্তরঙ্গ ভিডিওর ভয় দেখিয়ে তিশার মাধ্যমে আমাদের বাড়ি থেকে বিভিন্ন সময়ে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার ও টাকা-পয়সা হাতিয়ে নিয়েছে। শেষ পর্যন্ত এই মানসিক নির্যাতন ও ব্ল্যাকমেইল সহ্য করতে না পেরে আমার মেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে তিশা ও নিশানের কিছু অন্তরঙ্গ ছবি ভাইরাল হলেও, ভিডিও বা অর্থ লুটের কোনো অকাট্য প্রমাণ এখনো প্রকাশ্যে আসেনি।

ডায়েরির পাতা ও পারিবারিক চাপ: ভিন্ন এক সমীকরণ : পুলিশ সূত্রে জানা গেছে, তিশার মায়ের চিকিৎসার জন্য গত ২৬ জুন তার বাবা-মা ঢাকায় যান। ৩০ জুন সন্ধ্যায় দাদা শাহাদাৎ হোসেন নিচতলার মেইন গেট ভেতর থেকে তালাবদ্ধ দেখে প্রতিবেশীদের সহায়তায় ঘরের দরজা ভেঙে তিশার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন। এদিকে পুলিশ ঘটনাস্থল থেকে তিশার মোবাইল ও একটি ব্যক্তিগত ডায়েরি জব্দ করেছে। ডায়েরির পাতায় তিশার তীব্র মানসিক কষ্ট এবং বাবা-মার অমানবিক আচরণ ও মারধরের বিষন্ন বিবরণী মিলেছে। স্থানীয়দের দাবি, নিশান ও তিশার সম্পর্কের কথা জানতে পেরে পরিবার তিশার ওপর প্রচন্ড চাপ সৃষ্টি করেছিল। এমনকি ঘটনার দিন দুপুরেও ঢাকা থেকে তিশার বাবা-মা তাকে ফোনে তীব্র বকাঝকা করেন, যা তিশার ফুফাতো বোন মারুফা খাতুনের বক্তব্যেও উঠে এসেছে। অনেকের ধারণা, বাবা-মার এই অতিরিক্ত মানসিক চাপ সহ্য করতে না পেরেই হয়তো তিশা চরম পথ বেছে নিয়েছে। এছাড়া তিশার অন্তরঙ্গ ভিডিও ধারন করে তাঁর কাছ থেকে সুবিধা নেয়ার কথাও উড়িয়ে দিচ্ছেন না সচেতন মহল।

পুলিশ ও প্রশাসনের বক্তব্য : ঘটনার পরপরই লাশ উদ্ধারকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আব্দুল হক সাংবাদিকদের জানান, সুরতহাল প্রতিবেদনে তিশার শরীরে অন্য কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছিল। কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকসানা খাতুন সাংবাদিকদের বলেন, ৮ম শ্রেণির ছাত্রী ফারিয়া ইয়াসমিন তিশার মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। এটি অত্যন্ত সংবেদনশীল একটি বিষয়। আমরা সব দিক মাথায় রেখে অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছি। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।

আসল সত্যের অপেক্ষায় এলাকাবাসী ঃ পরিবারের দাবি অনুযায়ী এটি সুপরিকল্পিত ব্ল্যাকমেইল ও ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা, নাকি পারিবারিক অবদমন ও বকাঝকার করুণ পরিণতিতা এখনো কুয়াশাচ্ছন্ন ও

রহস্য বৃত্ত! একদিকে পলাতক অভিযুক্ত নিশান ও তার সহযোগীদের সন্ধান, অন্যদিকে তিশার মোবাইল ফোনের ফরেনসিক রিপোর্ট এবং চূড়ান্ত ময়নাতদন্তের রিপোর্টের দিকেই এখন তাকিয়ে আছে সচেতন মহল ও নিহতের পরিবার। ময়নাতদন্তের রিপোর্ট ও পুলিশের নিখুঁত তদন্তই উন্মোচন করবে ঠিক কী ঘটেছিল তিশার জীবনের শেষ দিনটিতে। সেই মাহেন্দ্রোক্ষোনের অপেক্ষায় কেশবপুর বাসি।