
কেশবপুর প্রতিনিধি: যশোরের কেশবপুরে হরিহর নদীর ভয়াবহ ভাঙনে বসতঘর নদীগর্ভে বিলীন হওয়ার ঘটনায় বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদ প্রকাশের পর ঘটনাস্থল পরিদর্শনে আসেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আব্দুল্লাহ হারুন।
তিনি রোববার সকাল ৬ টার দিকে উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন, স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ভাঙনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার বলেন, ক্ষতিগ্রস্ত মানুষকে একা ফেলে রাখা হবে না। সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে। একই সঙ্গে নদীর তীর রক্ষায় জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে ভাঙন নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা দেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের বিষয়েও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। জানা গেছে, সম্প্রতি হরিহর নদী খননের পর টানা ভারী বর্ষণে নদীর পাড়ের মাটি নরম হয়ে পড়ে। এর ফলে বালিয়াডাঙ্গা এলাকায় আকস্মিকভাবে ভয়াবহ ভাঙনের সৃষ্টি হয়। শুক্রবার সকালে মুহূর্তের মধ্যে চারটি বসতঘর নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে কয়েকটি পরিবার সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপনে বাধ্য হয়।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন জামেলা বেগম, দাউদ গাজী, হেলাল আহমেদ, আব্দুল আল মামুন ও আব্দুর রহমানের পরিবার। এর আগে খবর পেয়ে কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসানা খাতুন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিয়ে শুকনো খাবারসহ জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করেন এবং ঝুঁঁকিপূর্ণ এলাকা থেকে পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করেন। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ক্ষতিগ্রস্ত বিল্লাহ হোসেন বলেন, চোখের সামনে মুহূর্তের মধ্যে ঘর নদীতে তলিয়ে গেছে। জীবনের সব সঞ্চয় শেষ হয়ে গেছে। এখন পরিবার নিয়ে কোথায় থাকব বুঝতে পারছি না। আরেক ক্ষতিগ্রস্ত হোসেন বলেন, প্রশাসনের প্রাথমিক সহায়তা পেয়েছি, কিন্তু স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা না হলে পরিবার নিয়ে চরম দুর্ভোগে পড়তে হবে। স্থানীয়দের অভিযোগ, নদী খননের পর থেকেই হরিহর নদীর দুই পাড় দুর্বল হয়ে পড়ে। টানা বর্ষণে সেই দুর্বল অংশ ভেঙে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তারা দ্রুত স্থায়ীভাবে নদীর তীর সংরক্ষণের দাবি জানান।
তাদের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে আরও বহু ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হতে পারে। এদিকে অব্যাহত ভারী বর্ষণে কেশবপুর পৌর শহরের বিভিন্ন নিম্নাঞ্চলে আবারও জলাবদ্ধতার আশঙ্কা দেখা দিয়েছে। বিভিন্ন এলাকায় পানি জমতে শুরু করায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। স্থানীয়দের দাবি, নদীভাঙন রোধের পাশাপাশি দ্রুত পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে জনদুর্ভোগ আরও তীব্র হবে। রোববারের পরিদর্শনে বিভাগীয় কমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসানা খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মো. মেশকাতুল ইসলাম, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি), স্থানীয় জনগন, সংবাদকর্মী আবু হুরায়রা রাসেলসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা। স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসনের এই তৎপরতা শুধু তাৎক্ষণিক সহায়তার মধ্যেই সীমাবদ্ধ যেন না থাকে। কর্তৃপক্ষ হরিহর নদীর ভাঙন রোধে স্থায়ী ও টেকসই পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ভবিষ্যতে এমন বিপর্যয় থেকে মানুষকে রক্ষা করা যেন সে বিষযয়ে স্থানী জনগন পত্রিকার মাধ্যমে দাবি করেন।
