গৌরীপুর প্রতিনিধি: নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে প্রধান মন্ত্রী তারেক রহমানের উদ্যোগে এবং গৌরীপুর উপজেলা প্রশাসনের সহায়তায় গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৫ জুলাই বেলা ১১ টায় গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও গৌরীপুর পৌরসভার প্রশাসক সুনন্দা সরকার প্রমা।
গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরা-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এইচ. টি. তোফাজ্জল হোসেন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি বেগ ফারুক আহাম্মেদ। এ সময় উপস্থিত ছিলেন গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সহসভাপতি মো. হুমায়ুন কবিরসহ সংগঠনের অন্যান্য সদস্য, সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের শেষে যুব উন্নয়ন অধিদপ্তর পরিচালিত যুব সেলাই প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করা তিনজন প্রশিক্ষণপ্রাপ্ত নারীর হাতে একটি করে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। বক্তারা বলেন, নারীদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হলে পরিবার ও সমাজ উভয়ই উপকৃত হবে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

