মাদকাসক্ত ছেলের চরম অবাধ্যতা, শেষমেশ পুলিশ ডেকে জেলেই পাঠালেন মা!

0
মাদকাসক্ত ছেলের চরম অবাধ্যতা, শেষমেশ পুলিশ ডেকে জেলেই পাঠালেন মা!

জামালপুর প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জে মাদক সেবন করে নিজের মা ও ভাইয়ের সাথে উচ্ছৃঙ্খল আচরণ এবং পারিবারিক অশান্তি সৃষ্টির অভিযোগে ইসমাইল (৩০) নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২ আগস্ট) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাজা প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত ইসমাইল দেওয়ানগঞ্জ পৌর শহরের চরভবশুরের ঠোটাপাড়া এলাকার আব্দুস সাত্তার ড্রাইভারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ইসমাইল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। রোববার তিনি মাদক সেবন করে নিজ বাড়িতে মা ও ভাইয়ের সাথে চরম অবাধ্য ও উচ্ছৃঙ্খল আচরণ শুরু করেন। একপর্যায়ে পরিস্থিতি পরিবারের নিয়ন্ত্রণে বাইরে চলে গেলে তার মা উপায় না পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ইসমাইলকে আটক করে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান “চরভবশুর ঠোটাপাড়া এলাকায় মাদক সেবন করে ইসমাইল তার মা ও ভাইয়ের সাথে চরম অবাধ্য আচরণ করছিলেন। পরিবারের মৌখিক ও লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে।”

ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন জানান “মাদক সেবন এবং পরিবারের সদস্যদের সাথে অশালীন ও উচ্ছৃঙ্খল আচরণের বিষয়টি অভিযুক্ত যুবক স্বীকার করেছেন। অপরাধ স্বীকার করায় তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। উপজেলায় মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”