নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের মানববন্ধন, বিদ্যুৎ অফিস ঘেরাওয়ের হুশিয়ারী

0
নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের মানববন্ধন, বিদ্যুৎ অফিস ঘেরাওয়ের হুশিয়ারী

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক: নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবি ও ডিজিটাল প্রিপেইড মিটারের মাধ্যমে প্রতারণার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার (০৪ আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনের আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ও সদর উপজেলা জামায়াতে ইসলামী।

মানববন্ধনে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে জেলাজুড়ে তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। চরম ভোগান্তি ও হয়রানিতে পড়েছেন শিক্ষার্থী ও নারী-শিশুরা। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ দিতে ব্যর্থ হয়েছে বর্তমান সরকার। বিএনপি সরকারের সময়েই বিদ্যুতের দাবি জানালে চাঁপাইনবাবগঞ্জে কৃষকদের উপর গুলি চালানো হয়েছিল। অথছ তৎকালীন প্রতিমন্ত্রীকেই আবারো বিদ্যুৎ মন্ত্রী বানিয়েছে বিএনপি। অবিলম্বে সমস্যার সমাধানের জোর দাবি জানান বক্তারা।

এসময় তারা দাবি আদায় না হলে জেলা প্রশাসকের কার্যালয় ও বিদুৎ অফিস ঘেরাওয়ের হুশিয়ারী দেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সাবেক মেয়র নজরুল ইসলাম, মজলিসে সূরা সদস্য ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখলেসুর রহমান, সদর উপজেলা জামায়াতের আমীর আব্দুল আলিমসহ জামায়াতের কেন্দ্রীয়, জেলা, উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতারা।

মানববন্ধন শেষে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবি ও ডিজিটাল প্রিপেইড মিটারের মাধ্যমে প্রতারণার প্রতিবাদে জেলা প্রশাসক, নেসকোর নির্বাহী প্রকৌশলী ও পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।