গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক সৌদি প্রবাসীর বাড়িতে গভীর রাতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ঢেঁকি দিয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের জিম্মি করে প্রায় ১৭ ভরি স্বর্ণালংকার, নগদ এক লাখ টাকা এবং কয়েকটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার পাঁচলটিয়া গ্রামের সৌদি প্রবাসী সাকিবের বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের সদস্য সুরাইয়া বেগম জানান, রাতের খাবার খেয়ে পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন। রাত প্রায় ২টার দিকে ৭ থেকে ৮ জনের একটি ডাকাত দল বাড়িতে হানা দেয়। তাদের মধ্যে কয়েকজন বাড়ির উঠানে থাকা ঢেঁকি দিয়ে প্রধান দরজা ভেঙে ঘরে প্রবেশ করে এবং অন্যরা বাইরে পাহারায় অবস্থান নেয়।
তিনি আরও জানান, ঘরে ঢুকে ডাকাতরা তার স্বামী সামাদ মোল্লা, তাকে ও মেয়েকে মুখ বেঁধে জিম্মি করে। এ সময় মেয়ের ছোট নাতনির গলায় ছুরি ও রামদা ধরে হত্যার ভয় দেখিয়ে ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা কোথায় রাখা আছে তা জানতে চায়। প্রাণনাশের আশঙ্কায় পরিবারের সদস্যরা ডাকাতদের কাছে ১৭ ভরি স্বর্ণালংকার, নগদ এক লাখ টাকা এবং কয়েকটি মোবাইল ফোন তুলে দিতে বাধ্য হন। পরে ডাকাতরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার খবর পেয়ে শুক্রবার সকালে শ্রীপুর থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, প্রাথমিকভাবে পরিবারের সদস্যদের ভাষ্যমতে চারজন ডাকাত ঘরের ভেতরে প্রবেশ করেছিল এবং অন্যরা বাইরে অবস্থান করছিল। পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

