বরিশাল প্রতিনিধিঃ বরিশালের গৌরনদীতে এক নারীকে জোরপূর্বক শ্লীলতাহানি ও যৌন হেনস্তা করে ভিডিও ধারণের অভিযোগে স্থানীয় এক যুবদলকর্মীর বিরুদ্ধে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটির ৫৪ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ পাওয়ার পরপরই এলাকায় তোলপাড় শুরু হয় এবং অভিযুক্ত নেতা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান।
ঘটনাটি গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিল্বগ্রাম এলাকার। অভিযুক্তের নাম শাহিন মৃধা, যিনি মাহিলাড়া ইউনিয়ন যুবদলের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে বিল্বগ্রামের একটি বাড়িতে ওই নারীকে এক যুবকের সঙ্গে পান শাহিন ও তার সহযোগীরা। সেখানে অবস্থানকালে নারীকে জিম্মি করে চরম যৌন হেনস্তা করা হয় এবং বল প্রয়োগ করে ভিডিও ধারণ করা হয়।
প্রকাশ পাওয়া ভিডিওতে দেখা যায়, ভুক্তভোগী নারী নিজেকে রক্ষায় ওড়না দিয়ে মুখ ও শরীর ঢাকার আকুতি জানাচ্ছেন। তবে অভিযুক্ত শাহিন জোরপূর্বক তার ওড়না সরিয়ে বিবস্ত্র করার চেষ্টা চালান এবং মোবাইল ফোনে পুরো দৃশ্য ধারণ করে আপত্তিকর অবস্থায় হেনস্তা করেন।
আত্মগোপনে যাওয়ার আগে শাহিন দাবি করেন, ঘটনাটি মনির হাওলাদার নামের একজনের বসতবাড়িতে ঘটেছিল। সেখানে উপস্থিত থাকার কথা স্বীকার করলেও নিজে ভিডিও ধারণ না করে কেবল মোবাইলের আলো ধরে রাখার দাবি করেন তিনি।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর শাহিন মৃধার মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়। উপজেলা যুবদলের সদস্যসচিব মনির হোসেন আকন জানান, ঘটনার পেছনের প্রেক্ষাপট ও সত্যতা যাচাইয়ে প্রতিনিধি দল সরেজমিনে তদন্ত করবে এবং দোষী সাব্যস্ত হলে দলীয় ব্যবস্থা নেওয়া হবে।
অপরদিকে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, ঘটনার শিকার বা ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

