‘নেটটা স্লো করে দাও, নেত্রীর পারমিশন নাও’: ওবায়দুল কাদের ও পলকের ফোনালাপ ট্রাইব্যুনালে

0
‘নেটটা স্লো করে দাও, নেত্রীর পারমিশন নাও’: ওবায়দুল কাদের ও পলকের ফোনালাপ ট্রাইব্যুনালে

আদালত প্রতিবেদকঃ জুলাই গণঅভ্যুত্থানের সময় সারা দেশে তথ্যপ্রবাহ রুদ্ধ করতে তৎকালীন আওয়ামী লীগ সরকারের শীর্ষ পর্যায় থেকে কীভাবে ইন্টারনেট নিয়ন্ত্রণ করা হয়েছিল, তার এক চাঞ্চল্যকর প্রমাণ সামনে এসেছে। আন্দোলনের শুরুতে ইন্টারনেটের গতি কমিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এতে সাড়া দিয়ে সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানান, এ বিষয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিক অনুমতির প্রয়োজন হবে।

পরপর দুটি গুরুত্বপূর্ণ ফোনালাপ ফোরেনসিক পরীক্ষার মাধ্যমে সত্যতা যাচাই শেষে প্রমাণ হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দিয়েছে প্রসিকিউশন।

ট্রাইব্যুনালে জমা হওয়া ফোনালাপের কথোপকথন

কাদের: নেটটা একটু স্লো করে দাও… ইন্টারনেট।

পলক: একটু নেত্রীর পারমিশনটা নিয়ে নিই?

কাদের: নিয়ে নাও।

পলক: আচ্ছা, ঠিক আছে। জি, আচ্ছা ঠিক আছে।

কাদের: অনেকে আমাকে বলতেছে তো বিষয়গুলো…

পলক: হ্যাঁ, একটু ওই যে মানে বলা আছে তো যে উনি না বললে… মানে…

কাদের: না না, উনাকে জিজ্ঞেস করেই বলবা।

পলক: আচ্ছা, ঠিক আছে। জি স্যার।

প্রসিকিউশনের মতে, আন্দোলন দমনে হেলিকপ্টার, ড্রোন ও মারণাস্ত্র ব্যবহারের ঘটনাগুলো যাতে সাধারণ মানুষের চোখে না পড়ে এবং বিদেশে ছড়িয়ে না পড়ে, সেজন্যই পরিকল্পিতভাবে ইন্টারনেট সেবা ধীর ও পরবর্তীতে পুরোপুরি বন্ধ করা হয়।

এর আগে গত বৃহস্পতিবার (৬ আগস্ট) ওবায়দুল কাদেরের সঙ্গে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের অপর একটি ফোনালাপ জমা দেওয়া হয়। সেখানে আন্দোলনকারীদের ওপর সহিংসতার উসকানি দেওয়ার বক্তব্য ছিল বলে জানায় প্রসিকিউশন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর তিন সদস্যের বিচারিক প্যানেলে (নেতৃত্বে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী) বর্তমানে সাত শীর্ষ নেতার বিরুদ্ধে ৩য় দিনের মতো যুক্তিতর্ক চলছে। প্রসিকিউটর গাজী এমএইচ তামিম এতে যুক্তিসংগ্রাম পরিচালনা করছেন।

মোট সাতজন আসামির মধ্যে একমাত্র জুনাইদ আহমেদ পলক বর্তমানে কারাগারে আটক আছেন। বাকি ছয় আসামি— ওবায়দুল কাদের, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মোহাম্মদ আলী আরাফাত, শেখ ফজলে শামস পরশ, মাইনুল হোসেন খান নিখিল এবং সাদ্দাম হোসেন পলাতক রয়েছেন।