শেখ হাসিনাকে ফেরাতে ঢাকার আবেদন খতিয়ে দেখছে দিল্লি

0
শেখ হাসিনাকে ফেরাতে ঢাকার আবেদন খতিয়ে দেখছে দিল্লি

কূটনৈতিক প্রতিবেদকঃ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ নিজেদের নির্ধারিত আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া অনুযায়ী খতিয়ে দেখছে ভারত। শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে নয়াদিল্লির অবস্থান স্পষ্ট করে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “প্রত্যর্পণের বিষয়ে আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার। প্রতিষ্ঠিত কার্যপ্রণালি ও নিয়ম মেনে আমরা পুরো বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে দেখছি।”

সম্প্রতি ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠকে সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফেরানোর তাগিদ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই আলোচনার ঠিক পরদিনই নয়াদিল্লির কাছ থেকে এই প্রতিক্রিয়া এলো।

বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়। আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের ‘আউটরিচ সেশন’-এও তাঁকে অংশ নেওয়ার বিশেষ আমন্ত্রণ জানিয়েছে ভারত। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলায় বর্তমানে ভারতে আটক দুই আসামিকে বাংলাদেশে হস্তান্তরের অগ্রগতি জানতে চাইলে ভারতীয় মুখপাত্র এটিকে একটি “চলমান আইনি ও তদন্তাধীন প্রক্রিয়া” বলে উল্লেখ করেন।

নতুন সরকারের অধীনে ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কে কীভাবে বন্দি প্রত্যর্পণ ও হাই-প্রোফাইল সফর প্রভাব ফেলে, আন্তর্জাতিক রাজনীতিতে এখন সেটিই দেখার বিষয়।