রাজশাহীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার

0
রাজশাহীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার

মাসুদ রানা রাব্বানী: রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকা থেকে চুরি হওয়া ইউনিক রোড রয়েলস (NK Travels)-এর একটি যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন আমনুরা রেলজংশন সংলগ্ন ঝিলিম বাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন আমনুরা রেলজংশন থেকে প্রায় আধা কিলোমিটার উত্তরে ঝিলিম বাজার এলাকা থেকে বাসটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন আরএমপির উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ গাজিউর রহমান।

তিনি জানায়, উদ্ধারকৃত বাসটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ব-১১-০০৮৭। বাসটির মালিক নরেন সরকার (৫২), পিতা-শ্রীপদ সরকার। তার বাড়ি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার সাগরপাড়া এলাকায়।

মঙ্গলবার (১০ আগস্ট) সকাল ৮টার দিকে বাসটি রাজশাহীর নওদাপাড়া বাস টার্মিনাল থেকে নওগাঁ জেলার নিয়ামতপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। বিকেল ৫টার দিকে বাসটি পুনরায় নওদাপাড়া বাস টার্মিনালে ফিরে আসে। পরে সন্ধ্যা ৬টার দিকে বাসটি পরিষ্কার করে খানকার মোড় এলাকায় মালিকের নিজস্ব গ্যারেজের সামনে তালাবদ্ধ অবস্থায় রাখা হয়।

পরদিন বুধবার (১১ আগস্ট) সকাল ৭টার দিকে বাসটির বদলি সুপারভাইজার মোঃ জালাল উদ্দিন গ্যারেজে গিয়ে বাসটি না দেখে বিষয়টি মালিককে জানান। এরপর মালিক ও গ্যারেজের কর্মচারীরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও বাসটির সন্ধান না পেয়ে ধারণা করেন, ১০ আগস্ট রাত সাড়ে ৯টা থেকে ১১ আগস্ট সকাল ৭টার মধ্যে কোনো এক সময় অজ্ঞাতনামা চোর বা চোরের দল বাসটি চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় বাসের মালিক নরেন সরকার শাহমখদুম থানায় অভিযোগ দায়ের করলে বুধবার (১২ আগস্ট) পেনাল কোড, ১৮৬০-এর ৩৭৯ ধারায় শাহমখদুম থানার মামলা নং-০৯ রুজু করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা তথ্য-প্রযুক্তির সহায়তা ও অন্যান্য তদন্ত কার্যক্রমের মাধ্যমে বাসটির অবস্থান শনাক্ত করেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন আমনুরা রেলজংশন থেকে প্রায় আধা কিলোমিটার উত্তরে ঝিলিম বাজার এলাকা থেকে বাসটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত বাসটি শাহমখদুম থানা হেফাজতে নেওয়া হচ্ছে। একই সঙ্গে বাসটি কীভাবে চুরি হয়েছে এবং এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত ও আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।