দুদকে নতুন নেতৃত্ব: চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান, কমিশনার জাহাঙ্গীর ও সাজ্জাদ

0
দুদকে নতুন নেতৃত্ব: চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান, কমিশনার জাহাঙ্গীর ও সাজ্জাদ

বাংলাদেশ প্রতিবেদকঃ দুর্নীতি দমন কমিশনে (দুদক) নতুন চেয়ারম্যান ও দুই কমিশনার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে ড. জাহাঙ্গীর আলম খান ও ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়াকে নতুন কমিশনার নিয়োগ করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের পৃথক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়, যা পরবর্তীতে সরকারি গেজেট আকারে প্রকাশিত হয়েছে। ‘দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪’-এর ধারা ৬(১) ও ধারা ৫(১) অনুযায়ী পাঁচ বছরের জন্য তাদের এই দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, দুদক চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারকের সমান পদমর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি পাবেন। অন্যদিকে, নবনিযুক্ত দুই কমিশনার ড. জাহাঙ্গীর আলম খান এবং ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারকের সমান পদমর্যাদা ও সুযোগ-সুবিধা ভোগ করবেন।

চলতি বছরের ৩ মার্চ দুদকের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন এবং দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ একযোগে পদত্যাগ করেন।

কমিশনের শূন্য পদ পূরণে ২২ জুন আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হককে সভাপতি করে পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের বাছাই কমিটি গঠন করা হয়। এই কমিটি আগ্রহী যোগ্য ব্যক্তিদের কাছ থেকে জীবনবৃত্তান্ত (সিভি) আহ্বান করে। পরবর্তীতে আইন অনুযায়ী প্রতিটি শূন্য পদের বিপরীতে দুইজনের নাম সুপারিশ করে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। সেই সুপারিশের ভিত্তিতেই রাষ্ট্রপতি এ নতুন তিন কর্মকর্তাকে নিয়োগ প্রদান করলেন।

নতুন এই নেতৃত্বের মাধ্যমে দুদকের মূল আইনি কাঠামো পূর্ণাঙ্গ হলো এবং ঝুলে থাকা নানা প্রশাসনিক ও তদন্ত কার্যক্রম পুনর্দমে শুরু হতে যাচ্ছে।