বাংলাদেশ প্রতিবেদকঃ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের সভায় এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাষ্ট্রপতির পদে দলীয় প্রার্থী ও সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদায়ী ভাষণ দিতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়েন। একই সভায় প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারম্যান তারেক রহমান দলীয় শৃঙ্খলা রক্ষা ও আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের সঙ্গে দূরত্ব দূর করার কড়া বার্তা দিয়েছেন।
বক্তব্যের শুরুতে বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে স্মরণ করে কান্নায় ভেঙে পড়েন মির্জা ফখরুল। দীর্ঘ রাজনৈতিক পথচলায় অনিচ্ছাকৃত ভুলত্রুটির জন্য সহকর্মীদের কাছে ক্ষমা চান তিনি। বঙ্গভবনে দায়িত্ব গ্রহণের প্রস্তুতিস্বরূপ সংসদ সদস্যদের কাছে দোয়া চান এবং নির্বাচনে তাঁর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।
চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানান, বৃহস্পতিবার ভোটাভুটি অনুষ্ঠিত হবে। মির্জা ফখরুল বিজয়ী হয়ে রাষ্ট্রপতির দায়িত্ব নিলে তাঁর ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হবে।
সংসদে বিএনপির দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা থাকায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়া কেবল আনুষ্ঠানিকতা মাত্র। এ প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তারেক রহমান দলীয় সংসদ সদস্যদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেন: অসীম ত্যাগের বিনিময়ে প্রাপ্ত রাজনৈতিক সাফল্য ধরে রাখতে সর্বস্তরে কঠোর সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা। এমপিদের সঙ্গে স্থানীয় নেতাকর্মীদের দূরত্ব কোনোভাবেই তৈরি হতে দেওয়া যাবে না। আসন্ন স্থানীয় নির্বাচন নির্দলীয় (প্রতীক ছাড়া) হওয়ায় যোগ্যতা ও গ্রহণযোগ্যতার ভিত্তিতে একক প্রার্থী সমর্থন করা। |

