কূটনৈতিক প্রতিবেদকঃ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্কে সাধারণ অধিবেশনের উচ্চপর্যায়ের আলোচনায় অংশগ্রহণের পাশাপাশি তিনি প্রযুক্তি নগরী সান ফ্রান্সিসকোও সফর করবেন। প্রধানমন্ত্রী হিসেবে এটিই তার প্রথম জাতিসংঘ অধিবেশনে অংশগ্রহণ ও ভাষণ প্রদান।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর সম্ভাব্য এই সফরকে কেন্দ্র করে ইতিমধ্যে কূটনৈতিক প্রস্তুতি ও আনুষঙ্গিক প্রক্রিয়া শুরু হয়েছে। সফরের জন্য প্রয়োজনীয় নোট ভার্বাল ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে পাঠানো হয়েছে এবং প্রতিনিধিদলের ভিসা প্রক্রিয়াকরণ চলছে।
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বিশ্বমঞ্চে বক্তব্য দেবেন তারেক রহমান। মূল অধিবেশনের পাশাপাশি তিনি বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক শীর্ষ বৈঠকে অংশ নেবেন।
৯ দিনের সম্ভাব্য এই সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী সান ফ্রান্সিসকো ভ্রমণ করবেন, যেখানে প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের আয়োজিত সুধী সমাবেশে তার যোগ দেওয়ার কথা রয়েছে।
৮১তম অধিবেশনে বিশ্বমঞ্চে বাংলাদেশের অবস্থান আরও সুসংহত হচ্ছে, কারণ এই অধিবেশনে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। আগামী ৮ সেপ্টেম্বর তার আনুষ্ঠানিকভাবে এই পদ গ্রহণ করার কথা।
এদিকে প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে পূর্ববর্তী জল্পনা-কল্পনার বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। প্রেস সচিব সালেহ শিবলী জানিয়েছেন, নয়াদিল্লি সফরের ব্যাপারে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

