ইরানকে বিশ্ব অর্থনীতি থেকে পুরোপুরি মুছে ফেলতে সর্বাত্মক অর্থনৈতিক যুদ্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র

0
ইরানকে বিশ্ব অর্থনীতি থেকে পুরোপুরি মুছে ফেলতে সর্বাত্মক অর্থনৈতিক যুদ্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্কঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঐতিহাসিক ‘ডি-ডে’ (D-Day) অভিযানের আদলে ইরানকে বিশ্ব অর্থনীতি থেকে পুরোপুরি মুছে ফেলতে সর্বাত্মক অর্থনৈতিক যুদ্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বহুল আলোচিত ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ উন্মোচন করেছেন। ওয়াশিংটনের সাফ বার্তা—তেহরানের সাথে যেকোনো বাণিজ্য বা আর্থিক লেনদেনের মাশুল হিসেবে বিশ্ববাজার থেকে বিচ্ছিন্ন হতে হবে অন্য যেকোনো দেশ বা আর্থিক প্রতিষ্ঠানকে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার জানায় সোমবার (২৪ আগস্ট) ওয়াশিংটনে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টে এক সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বিশ্ববাসীকে কঠোর হুঁশিয়ারি দেন। তিনি জানান, তেহরানের শাসকশ্রেণীকে টিকিয়ে রাখা প্রতিটি অর্থনৈতিক ধমনি বা লাইফলাইন মার্কিন প্রশাসন চিরতরে কেটে দেবে।

একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের ফোন করে ইরানের সঙ্গে সব ধরনের অর্থনৈতিক যোগাযোগ তাৎক্ষণিকভাবে বন্ধ করার নির্দেশ দিচ্ছেন। বেসেন্ট সতর্ক করে বলেন, “এখন বিশ্বনেতাদের স্পষ্ট সিদ্ধান্ত নিতে হবে—তারা সমৃদ্ধি চায় নাকি সামাজিক বিচ্ছিন্নতা, শান্তি চায় নাকি সন্ত্রাস, যুক্তরাষ্ট্রকে বেছে নেবে নাকি ইরানকে?”

এই অভিযানের সবচেয়ে বিপজ্জনক দিক হলো ‘সেকেন্ডারি পেনাল্টি’ (পরোক্ষ জরিমানা)। যদি কোনো তৃতীয় দেশের ব্যাংক, জ্বালানি প্রতিষ্ঠান বা জাহাজ সংস্থা ইরানি তেল কেনাবেচা বা অর্থ পাচারে অনুঘটক হিসেবে কাজ করে, তবে তাৎক্ষণিকভাবে সেই প্রতিষ্ঠানকে মার্কিন ডলারভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা থেকে চিরতরে বের করে দেওয়া হবে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসিদের বিরুদ্ধে মিত্রবাহিনীর ঐতিহাসিক Normandy অবরুদ্ধকরণের সাথে তুলনা করে স্কট বেসেন্ট বলেন, “আমেরিকা আর তেহরানের হুমকি সহ্য বা নিয়ন্ত্রণ করবে না, আমরা এর স্থায়ী সমাপ্তি ঘটাচ্ছি।”

চলতি সপ্তাহেই মধ্যপ্রাচ্য ও এশিয়ার বেশ কিছু বড় আর্থিক প্রতিষ্ঠানের ওপর প্রথম দফার এই সর্বাত্মক আঘাত আসতে পারে বলে মার্কিন প্রশাসন ইঙ্গিত দিয়েছে।