বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার দক্ষ কর্মী পাঠাচ্ছে সরকার

0
বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার দক্ষ কর্মী পাঠাচ্ছে সরকার

সুনামগঞ্জ প্রতিনিধিঃ মালয়েশিয়া সরকার বাংলাদেশ থেকে কোনো প্রকার খরচ ছাড়াই উপহার হিসেবে ১০ হাজার দক্ষ কর্মী নেওয়ার বিশেষ আগ্রহ প্রকাশ করেছে। নিরাপদ ও বৈধ অভিবাসন নিশ্চিতকরণ এবং অবৈধ উপায়ে বিপজ্জনক ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাত্রার ঝুঁকি প্রতিরোধে এক মতবিনিময়সভায় এই সিদ্ধান্তের কথা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার (২৫ আগস্ট) সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এক উচ্চপর্যায়ের মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এই তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের পারস্পরিক আলোচনার মাধ্যমে এই ১০ হাজার কর্মী বিনা খরচে মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পাবেন। তাঁদের যাতায়াত বা প্রক্রিয়াকরণের কোনো খরচ বহন করতে হবে না।

শুধু বিদেশ যাওয়ার ইচ্ছা থাকলেই চলবে না, বরং কাজ ও ভাষা শিখে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হবে। সুনামগঞ্জের উপযুক্ত স্থানে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (TTC) ও ভাষা শিক্ষার কোর্স চালুর জন্য অবকাঠামো নির্ধারণ করা হলে মন্ত্রণালয় থেকে দ্রুত প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা দেওয়া হবে।

মতবিনিময়সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ জানান, আন্তর্জাতিক শ্রম সংস্থার (ILO) ‘ট্যালেন্ট পার্টনারশিপ’ প্রকল্পের আওতায় বাংলাদেশিদের জন্য ইতালিতে বৈধভাবে যাওয়ার নতুন কর্মসংস্থানের পথ উন্মুক্ত হয়েছে।

প্রতারক দালালদের প্রলোভনে পড়ে সুনামগঞ্জের অনেক যুবক অবৈধ উপায়ে লিবিয়া হয়ে সাগরপথে ইউরোপ পাড়ি দিতে গিয়ে সম্প্রতি মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন। এ বিষয়ে চরম ক্ষোভ প্রকাশ করে মন্ত্রী প্রশাসনকে বিশেষ নির্দেশনা দেন।

মানবপাচার ও অবৈধ অভিবাসনের সঙ্গে জড়িত দালালদের নাম-ঠিকানাসহ বিস্তারিত তালিকা আগামী ৭ দিনের মধ্যে মন্ত্রণালয়ে পাঠানোর জন্য সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

যেসব দালাল বিদেশে অবস্থান করে এই চক্র পরিচালনা করছে, তাদের সংশ্লিষ্ট দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় দেশে ফিরিয়ে এনে কঠোর বিচারের মুখোমুখি করা হবে।

মসজিদ, মন্দির ও গির্জার ধর্মীয় প্রধানদের মাধ্যমে জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ যাত্রার ভয়াবহতা এবং বৈধ পথের সুফল সর্বস্তরের মানুষের কাছে তুলে ধরার উদাত্ত আহ্বান জানান মন্ত্রী। সুনামগঞ্জ থেকেই এই সচেতনতামূলক প্রচারণার আনুষ্ঠানিক সূচনা হবে।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা ও বিভাগের শীর্ষ জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ এবং সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

এ ছাড়া সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমান, সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী এবং মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. শহীদুল ইসলাম চৌধুরী সভায় উপস্থিত থেকে অবৈধ অভিবাসন রোধে নিজ নিজ মতামত ব্যক্ত করেন।