আজকের ডেস্কঃ বাংলাদেশ আওয়ামী লীগের নীতি-আদর্শের চরম অবক্ষয় ও সার্বিক পচন নিয়ে কঠোর সমালোচনা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। যুগান্তর ডিজিটালকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেছেন, নীতি-আদর্শভিত্তিক ঐতিহাসিক আওয়ামী লীগ আজ পরিণত হয়েছে একটি দুর্নীতিগ্রস্ত ‘মাফিয়া লীগে’।
দলটির নীতি-কৌশল ও সাম্প্রতিক রাজনৈতিক ভূমিকা বিশ্লেষণ করে তিনি তৃণমূলের দুঃখ-দুর্দশা এবং নজিরবিহীন দলীয় পচনের চিত্র তুলে ধরেন।
সোহেল তাজ জোর দিয়ে বলেন, মহান স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী মূল আওয়ামী লীগের সাথে বর্তমান আওয়ামী লীগের আদর্শগত কোনো মিল নেই। সেই আওয়ামী লীগ ছিল জনমানুষের নীতি-আদর্শভিত্তিক দল, আর আজকের দলটি দুর্নীতিগ্রস্ত মাফিয়ামুক্ত হতে পারেনি।
প্রবাদ স্মরণ করিয়ে তিনি বলেন, “মাছের পচন শুরু হয় মাথা থেকে—আমাদের দলে ঠিক সেই অবস্থাই তৈরি হয়েছিল।” ২০১৪, ২০১৮ এবং সবশেষ ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনগুলোর ধারাবাহিকতায় দলের সেই পচন শুরু হয়, যার চরম বহিঃপ্রকাশ ঘটেছে ২০২৪-এ এসে—যেখানে দলের ওপর থেকে নিচ পুরো ‘বডিটাই’ এখন পচে নষ্ট হয়ে গেছে।
সোহেল তাজ স্বীকার করেন যে, কৌশলগতভাবে প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে মোকাবিলা না করে দমন-পীড়ন, হত্যা ও গুমের পথ বেছে নেওয়া হয়েছিল। রাজনীতিতে এই সহিংসতা ও দুর্নীতির পথ বেছে নেওয়ার চূড়ান্ত মাশুল দিতে হচ্ছে দলকে।
শীর্ষ নেতৃত্বের অর্থ উপার্জনে ব্যস্ত থাকা ও আখের গোছানোর মানসিকতার কারণে দলটির সাথে সাধারণ জনগণের নাড়ি বা পালসের বিচ্ছিন্নতা ঘটে। ফলস্বরূপ, কেন্দ্রীয় চক্রের এই আত্মঘাতী সিদ্ধান্তের বলী হয়ে চরম দুর্ভোগ ও হুমকির মুখে পড়েছে তৃণমূলের সাধারণ নিবেদিতপ্রাণ নেতাকর্মীরা।

